এআই প্রযুক্তি ব্যবহার করে শিশুদের যৌন নিপীড়নমূলক ছবি তৈরির সুযোগ করে দেওয়ার অভিযোগে ইলন মাস্কের প্রতিষ্ঠান স্পেসএক্সের বিরুদ্ধে মামলা করেছে যুক্তরাষ্ট্রের দুই অঙ্গরাজ্য। ভার্জিনিয়া ও ওরেগন কর্তৃপক্ষ পৃথকভাবে মামলাগুলো করেছে। গ্রক এআইয়ের বিরুদ্ধে এ ধরনের অভিযোগে যুক্তরাষ্ট্রে অঙ্গরাজ্য পর্যায়ে এটিই প্রথম মামলা। গত সোমবার (২৩ নভেম্বর) ভার্জিনিয়ার অ্যাটর্নি জেনারেল জে জোনস এবং ওরেগনের অ্যাটর্নি জেনারেল […]
ছবি: সংগৃহীত
এআই প্রযুক্তি ব্যবহার করে শিশুদের যৌন নিপীড়নমূলক ছবি তৈরির সুযোগ করে দেওয়ার অভিযোগে ইলন মাস্কের প্রতিষ্ঠান স্পেসএক্সের বিরুদ্ধে মামলা করেছে যুক্তরাষ্ট্রের দুই অঙ্গরাজ্য। ভার্জিনিয়া ও ওরেগন কর্তৃপক্ষ পৃথকভাবে মামলাগুলো করেছে। গ্রক এআইয়ের বিরুদ্ধে এ ধরনের অভিযোগে যুক্তরাষ্ট্রে অঙ্গরাজ্য পর্যায়ে এটিই প্রথম মামলা।
গত সোমবার (২৩ নভেম্বর) ভার্জিনিয়ার অ্যাটর্নি জেনারেল জে জোনস এবং ওরেগনের অ্যাটর্নি জেনারেল ড্যান রেফিল্ড পৃথক মামলা করেন।
মামলায় অভিযোগ করা হয়েছে, স্পেসএক্সের এআই টুল গ্রক ব্যবহার করে শিশু ও প্রাপ্তবয়স্ক ব্যক্তিদের যৌন আবেদনময় ছবি তৈরি করা হয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তিদের অজান্তে এবং সম্মতি ছাড়াই এসব ছবি তৈরি করা সম্ভব হয়েছে বলে দাবি করেছেন দুই অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেল।
অভিযোগ অনুযায়ী, গ্রকের ছবি ও ভিডিও তৈরির সুবিধা ব্যবহার করে বাস্তব মানুষের ছবি থেকে তাঁদের অনুমতি ছাড়াই যৌন আবেদনময় কনটেন্ট তৈরি করা যায়। এ ধরনের কনটেন্ট তৈরি ও ছড়িয়ে পড়া ঠেকাতে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে স্পেসএক্স।
মামলায় আরও বলা হয়েছে, গ্রকের ‘স্পাইসি মোড’ নামের একটি সুবিধার মাধ্যমে যৌন আবেদনময় ছবি তৈরির সক্ষমতা প্রচার করেছে প্রতিষ্ঠানটি। অথচ ব্যবহারকারীদের কাছে স্পেসএক্স দাবি করেছে, এ ধরনের কনটেন্ট ঠেকাতে তাদের যথেষ্ট নিরাপত্তাব্যবস্থা রয়েছে। দুই অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেলের অভিযোগ, নিরাপত্তাব্যবস্থা নিয়ে প্রতিষ্ঠানটির এই দাবি বিভ্রান্তিকর।
ভার্জিনিয়ার মামলায় সেন্টার ফর কাউন্টারিং ডিজিটাল হেটের (সিসিডিএইচ) একটি গবেষণার তথ্যও তুলে ধরা হয়েছে। ওই গবেষণা অনুযায়ী, ২০২৫ সালের ২৯ ডিসেম্বর থেকে ২০২৬ সালের ৮ জানুয়ারি পর্যন্ত গ্রক এক্স প্ল্যাটফর্মে প্রায় ৩০ লাখ যৌন আবেদনময় ছবি তৈরি করে প্রকাশ করেছে। এসব ছবির মধ্যে প্রায় ২৩ হাজারে শিশুদের দেখানো হয়েছে বলে গবেষণায় ধারণা করা হয়েছে।
এই তথ্যের ভিত্তিতে গ্রকের নিরাপত্তাব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছে ভার্জিনিয়া কর্তৃপক্ষ।
ভার্জিনিয়ার অ্যাটর্নি জেনারেল জে জোনস বলেন, মুনাফা বাড়াতে গ্রকের নির্মাতারা মানুষের সম্মতির বিষয়টি উপেক্ষা করেছেন। তাঁর অভিযোগ, নিরাপত্তার চেয়ে প্রতিষ্ঠানের প্রবৃদ্ধি ও ব্যবহারকারীদের সম্পৃক্ততাকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে।
অন্যদিকে, ওরেগনের অ্যাটর্নি জেনারেল ড্যান রেফিল্ডের অভিযোগ, প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা ছাড়াই গ্রক ও এক্স প্ল্যাটফর্ম তৈরি করেছে স্পেসএক্স। এর ফলে এসব প্ল্যাটফর্মে আপত্তিকর ও বিপজ্জনক কনটেন্ট তৈরি, সংরক্ষণ এবং ছড়িয়ে পড়ার সুযোগ তৈরি হয়েছে।
তবে গত সোমবার এক্সে গ্রকের নিরাপত্তাবিষয়ক অ্যাকাউন্ট থেকে দেওয়া এক পোস্টে বলা হয়েছে, শিশুদের সুরক্ষা তাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। অপ্রাপ্তবয়স্কদের যৌন কনটেন্ট এবং বাস্তব মানুষের সম্মতি ছাড়া তৈরি স্পষ্ট যৌন ছবি এক্স বা গ্রকে প্রকাশের সুযোগ নেই বলে দাবি করেছে প্রতিষ্ঠানটি।
তথ্যসূত্র: আনাদোলু এজেন্সি