যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের বাফেলোতে সড়ক দুর্ঘটনায় এক সংগীত প্রযোজকের মৃত্যুর ঘটনায় অভিযুক্ত বাংলাদেশি তরুণ সাইফ জুনাব আলীকে গ্রেফতার করেছে দেশটির অভিবাসন ও শুল্ক প্রয়োগ সংস্থা (আইস)। গত মঙ্গলবার তাঁকে গ্রেফতার করা হয়। এর মাত্র কয়েক দিন আগে দুর্ঘটনায় জড়িত থাকার অভিযোগে তাঁর বিরুদ্ধে দ্বিতীয় মাত্রার অনিচ্ছাকৃত হত্যার মামলা করা হয়েছিল। ২১ বছর বয়সী সাইফ জুনাব […]
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের বাফেলোতে সড়ক দুর্ঘটনায় এক সংগীত প্রযোজকের মৃত্যুর ঘটনায় অভিযুক্ত বাংলাদেশি তরুণ সাইফ জুনাব আলীকে গ্রেফতার করেছে দেশটির অভিবাসন ও শুল্ক প্রয়োগ সংস্থা (আইস)। গত মঙ্গলবার তাঁকে গ্রেফতার করা হয়। এর মাত্র কয়েক দিন আগে দুর্ঘটনায় জড়িত থাকার অভিযোগে তাঁর বিরুদ্ধে দ্বিতীয় মাত্রার অনিচ্ছাকৃত হত্যার মামলা করা হয়েছিল।
২১ বছর বয়সী সাইফ জুনাব আলী বাফেলোর বাসিন্দা। আইসের সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টের বরাতে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, তিনি বাংলাদেশের নাগরিক। বর্তমানে তিনি আইসের হেফাজতে রয়েছেন এবং যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কারের প্রক্রিয়ার অপেক্ষায় আছেন।
কী ঘটেছিল দুর্ঘটনার রাতে
ঘটনাটি চলতি বছরের ১৯ মার্চ রাতে বাফেলোর কেনসিংটন এক্সপ্রেসওয়ের (রুট ৩৩) পশ্চিমমুখী লেনে ঘটে। রাত ১১টা ৩ মিনিটের দিকে একাধিক গাড়ির বেপরোয়া চলাচল নিয়ে জরুরি নম্বর ৯১১-এ একের পর এক ফোন আসতে থাকে। অভিযোগ অনুযায়ী, কয়েকটি গাড়ি সড়কে চলাচল বন্ধ করে দিচ্ছিল, বিভিন্ন লেন আটকে রাখছিল, গাড়ি দিয়ে বার্নআউট করছিল, দ্রুত লেন পরিবর্তন করছিল এবং আতশবাজি ছুড়ছিল।
এর প্রায় ৩৭ মিনিট পর, রাত ১১টা ৪০ মিনিটের দিকে লোকাস্ট স্ট্রিট এক্সিটের কাছে দুর্ঘটনাটি ঘটে। অভিযোগপত্র অনুযায়ী, তখন ১৭ বছর বয়সী এক চালক অতিরিক্ত গতিতে গাড়ি চালানোর সময় মাঝের লেনে থেমে থাকা একটি গাড়িকে পেছন থেকে ধাক্কা দেন। ধাক্কায় ওই গাড়িটি সামনে থাকা আরেকটি থেমে থাকা গাড়ির সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
এ ঘটনায় ৩০ বছর বয়সী জনলুক ‘জ্যাক’ জুবার্ট গুরুতর আহত হন। অ্যাম্বুলেন্সে করে তাঁকে এরি কাউন্টি মেডিকেল সেন্টারে নেওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। তদন্তকারীদের ভাষ্য অনুযায়ী, জুবার্ট ওই সড়কে চলাচলকারী একজন সাধারণ পথচারী বা বাইরের ব্যক্তি ছিলেন; অভিযুক্তদের কারও সঙ্গে তাঁর পরিচয় ছিল না।
তিনজনের বিরুদ্ধে সড়কের লেন আটকে রাখার অভিযোগ
এরি কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয়ের অভিযোগ, দুর্ঘটনার সময় তিন অভিযুক্ত আলাদা তিনটি গাড়ি দিয়ে এক্সপ্রেসওয়ের তিনটি লেন আটকে রেখেছিলেন। শাফি আহমেদ (২৩) মাঝের লেনে, সাইফ জুনাব আলী (২১) বাঁ পাশের লেনে এবং আবু সালেহ (২১) ডান পাশের লেনে গাড়ি নিয়ে অবস্থান করছিলেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগ অনুযায়ী, তাঁদের গাড়ির কারণে জুবার্টসহ অন্য চালকদের এক্সিটের কাছে থামতে হয়। এ সময় পেছন থেকে দ্রুতগতিতে আসা কিশোর চালকের গাড়িটি থেমে থাকা গাড়িতে ধাক্কা দেয়। দুর্ঘটনার পর তিন প্রাপ্তবয়স্ক অভিযুক্ত ঘটনাস্থল ছেড়ে চলে যান এবং পুলিশকে বিষয়টি জানাননি বলেও অভিযোগ রয়েছে।
স্থানীয় সংবাদমাধ্যম ডব্লিউকেবিডব্লিউকে এরি কাউন্টির ডিস্ট্রিক্ট অ্যাটর্নি মাইকেল কিন জানান, ওই রাতে এক্সপ্রেসওয়েতে প্রায় ৫০ জন চালক ড্র্যাগ রেসিংয়ে অংশ নিচ্ছিলেন বলে কর্তৃপক্ষের ধারণা। তাঁদের কেউ কেউ ঘণ্টায় ১০০ মাইল গতিতে গাড়ি চালাচ্ছিলেন বলেও তিনি উল্লেখ করেন।
চারজনের বিরুদ্ধে মামলা, আদালতে পরবর্তী শুনানি ডিসেম্বরে
গত ২৩ নভেম্বর চারজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন ও আদালতে হাজির করা হয়। তাঁদের মধ্যে তিনজন প্রাপ্তবয়স্ক হলেন শাফি আহমেদ, সাইফ জুনাব আলী এবং আবু সালেহ। চতুর্থ অভিযুক্তের বয়স এখন ১৮ বছর হলেও ঘটনার সময় তাঁর বয়স ছিল ১৭। বয়সের কারণে তাঁর পরিচয় প্রকাশ করেনি কর্তৃপক্ষ।
চারজনের বিরুদ্ধেই দ্বিতীয় মাত্রার অনিচ্ছাকৃত হত্যার অভিযোগ আনা হয়েছে। তবে ঘটনাস্থল ত্যাগ করে চলে যাওয়ার অভিযোগটি শুধু তিন প্রাপ্তবয়স্কের বিরুদ্ধে আনা হয়েছে। নিউইয়র্কের আইন অনুযায়ী, সর্বোচ্চ অভিযোগে দোষী সাব্যস্ত হলে তাঁদের ১৫ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।
আদালত তিন প্রাপ্তবয়স্ক অভিযুক্তের প্রত্যেকের জন্য ৭৫ হাজার ডলার নগদ বা বন্ডে জামিন, অথবা ১ লাখ ২৫ হাজার ডলারের আংশিক জামানতযুক্ত সিউরিটি বন্ড নির্ধারণ করেছেন। কিশোর অভিযুক্তকে জামিন ছাড়াই আটক রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
আগামী ২৩ ডিসেম্বর চারজনের পরবর্তী প্রি-ট্রায়াল শুনানির দিন ধার্য রয়েছে। এর আগে ৩০ নভেম্বর কিশোর অভিযুক্তের বিষয়ে আদালতে ছয় দিনের পর্যালোচনা শুনানি হওয়ার কথা।
নিহত ব্যক্তির পরিবারের আট মাসের অপেক্ষা
জনলুক জুবার্টের মৃত্যুর পর দীর্ঘ আট মাস ধরে তাঁর পরিবার ও স্বজনেরা দায়ীদের বিচারের আওতায় আনার দাবি জানিয়ে আসছিলেন। ডব্লিউকেবিডব্লিউকে দেওয়া বক্তব্যে তাঁর ভাই ড্যানিয়েল জুবার্ট বলেন, এই ঘটনার কারণে তাঁদের পুরো পরিবারের জীবন বদলে গেছে। জুবার্টের বান্ধবী কেটলিন বারানও গত আট মাসকে তাঁদের জীবনের সবচেয়ে কঠিন সময় বলে বর্ণনা করেছেন।
ঘটনার পর কেনসিংটন এক্সপ্রেসওয়ে ও রুট ১৯৮-এ পুলিশের টহল বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন বাফেলো পুলিশের উপকমিশনার ক্রেইগ মেসি। তাঁর ভাষ্য অনুযায়ী, মে মাস থেকে ওই দুই সড়কে অতিরিক্ত গতিতে গাড়ি চালানোর অভিযোগে পুলিশ ১ হাজার ৭০০টির বেশি টিকিট দিয়েছে।
এদিকে, অভিযুক্তদের বিরুদ্ধে আনা অভিযোগ এখনো আদালতে প্রমাণিত হয়নি। আইন অনুযায়ী, দোষী সাব্যস্ত না হওয়া পর্যন্ত প্রত্যেক অভিযুক্ত নির্দোষ বলে বিবেচিত হবেন।
তথ্যসূত্র: এরি কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয়, ডব্লিউকেবিডব্লিউ, ডব্লিউআইভিবি