আর্থিক সংকটে পড়ে দেউলিয়া প্রক্রিয়ার মধ্যে থাকা জনপ্রিয় কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট প্ল্যাটফর্ম ক্যারেক্টার.এআই-এর ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য বিক্রির উদ্যোগ ঘিরে যুক্তরাষ্ট্রে উদ্বেগ তৈরি হয়েছে। প্রতিষ্ঠানটির ২ কোটি ১০ লাখের বেশি ব্যবহারকারীর কথোপকথনের ইতিহাস, আইপি অ্যাড্রেস ও অন্যান্য সংবেদনশীল তথ্য নিলামে তোলার পরিকল্পনার বিরুদ্ধে আদালতে আপত্তি জানিয়েছেন ৪২টি অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেল। আগামী ১ ডিসেম্বর এ নিলাম অনুষ্ঠিত […]
ছবি: সংগৃহীত
আর্থিক সংকটে পড়ে দেউলিয়া প্রক্রিয়ার মধ্যে থাকা জনপ্রিয় কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট প্ল্যাটফর্ম ক্যারেক্টার.এআই-এর ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য বিক্রির উদ্যোগ ঘিরে যুক্তরাষ্ট্রে উদ্বেগ তৈরি হয়েছে। প্রতিষ্ঠানটির ২ কোটি ১০ লাখের বেশি ব্যবহারকারীর কথোপকথনের ইতিহাস, আইপি অ্যাড্রেস ও অন্যান্য সংবেদনশীল তথ্য নিলামে তোলার পরিকল্পনার বিরুদ্ধে আদালতে আপত্তি জানিয়েছেন ৪২টি অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেল।
আগামী ১ ডিসেম্বর এ নিলাম অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে ব্যবহারকারীদের গোপনীয়তা এবং শিশুদের নিরাপত্তার বিষয়টি সামনে এনে প্রস্তাবিত বিক্রি বন্ধের আবেদন করা হয়েছে ডেলাওয়্যার অঙ্গরাজ্যের মার্কিন দেউলিয়া আদালতে।
নিলামে উঠতে পারে ২১ লাখ অপ্রাপ্তবয়স্কের তথ্য
ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেল রব বন্তার নেতৃত্বে অঙ্গরাজ্যগুলোর জোট আদালতে জানিয়েছে, প্রস্তাবিত ডেটা ভান্ডারে যুক্তরাষ্ট্রের ২ কোটি ১০ লাখের বেশি অ্যাকাউন্টের চ্যাট ইতিহাস রয়েছে। এর মধ্যে ২১ লাখের বেশি অ্যাকাউন্ট অপ্রাপ্তবয়স্কদের।
আইনি নথিতে বলা হয়েছে, এসব কথোপকথনের মধ্যে মানসিক স্বাস্থ্য, আত্মক্ষতি, খাদ্যাভ্যাসজনিত জটিলতা ও আত্মহত্যার প্রবণতা নিয়ে এআইয়ের ‘থেরাপিস্ট’ এবং ‘চিকিৎসক’ চরিত্রের সঙ্গে ব্যবহারকারীদের অত্যন্ত ব্যক্তিগত আলোচনা রয়েছে। পাশাপাশি শিশু ও প্রাপ্তবয়স্কদের সঙ্গে চ্যাটবটের যৌনতাপূর্ণ কথোপকথন, ব্যবহারকারীদের প্রোফাইল, আইপি অ্যাড্রেস এবং প্ল্যাটফর্মের তৈরি ঝুঁকি মূল্যায়ন বা ‘রিস্ক স্কোর’ও বিক্রির প্রস্তাবিত তালিকায় রয়েছে।
অ্যাটর্নি জেনারেলদের আশঙ্কা, এসব তথ্য নতুন মালিকের হাতে গেলে ব্যবহারকারীদের ব্যক্তিগত জীবন ও সংবেদনশীল তথ্যের গোপনীয়তা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে।
এক কোটি ডলারের প্রাথমিক প্রস্তাব
ডেলাওয়্যার অঙ্গরাজ্যের দেউলিয়া আদালত গত ২৪ নভেম্বর ‘স্মার্কস অ্যান্ড প্যাংস অ্যাকুইজিশন এলএলসি’ নামের একটি প্রতিষ্ঠানকে নিলামের প্রাথমিক দরদাতা হিসেবে অনুমোদন দিয়েছে। ক্যারেক্টার.এআই-এর ভোক্তা প্ল্যাটফর্ম, এআই মডেল এবং ব্যবহারকারীদের তথ্য কিনতে প্রতিষ্ঠানটি এক কোটি ডলারের প্রস্তাব দিয়েছে।
আদালতের নথি অনুযায়ী, স্মার্কস অ্যান্ড প্যাংস নিবন্ধিত হয় গত ১৩ নভেম্বর। অর্থাৎ ক্যারেক্টার.এআই-এর প্রাথমিক দরদাতা হিসেবে প্রতিষ্ঠানটিকে বেছে নেওয়ার মাত্র এক দিন আগে এটি গঠিত হয়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
প্রথমে প্রতিষ্ঠানটির মালিকানা গোপন রাখা হলেও আদালতের চাপের মুখে ২৪ নভেম্বর জানানো হয়, নিউইয়র্কভিত্তিক বিনিয়োগ প্রতিষ্ঠান অক্টেভ অ্যাডভাইজার্সের সঙ্গে এর সংশ্লিষ্টতা রয়েছে। অক্টেভ ফান্ড ১ এলএলসি প্রতিষ্ঠানটির পেছনে রয়েছে বলে আদালতের নথিতে উল্লেখ করা হয়েছে।
গোপনীয়তার প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ
ক্যারেক্টার.এআই-এর মূল প্রতিষ্ঠান ক্যারেক্টার টেকনোলজিস গত ১২ অক্টোবর যুক্তরাষ্ট্রের দেউলিয়া আইনের চ্যাপ্টার ১১-এর আওতায় সুরক্ষা চেয়ে আবেদন করে। এর আগে এক ব্লগ পোস্ট এবং গোপনীয়তা নীতিমালায় প্রতিষ্ঠানটি ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য অর্থের বিনিময়ে বিক্রি না করার আশ্বাস দিয়েছিল।
তবে দেউলিয়া প্রক্রিয়ায় সম্পদ হস্তান্তরের ক্ষেত্রে প্রতিষ্ঠানটির শর্তাবলিতে থাকা একটি ব্যতিক্রমী ধারার মাধ্যমে তথ্য বিক্রির সুযোগ তৈরি হয়েছে বলে অভিযোগ করেছেন অ্যাটর্নি জেনারেলরা।
তাঁদের দাবি, প্রস্তাবিত চুক্তিতে নতুন ক্রেতার ওপর আগের গোপনীয়তা নীতি মেনে চলার বাধ্যবাধকতা রাখা হয়নি। ফলে ক্রেতা চাইলে ব্যবহারকারীদের তথ্য মুছে ফেলার অনুরোধ উপেক্ষা করতে পারবেন কিংবা তৃতীয় পক্ষের কাছে তথ্য পুনরায় বিক্রি করতে পারবেন।
ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেল রব বন্তা বলেন, এই বিক্রি সম্পন্ন হলে গ্রাহকদের সংবেদনশীল তথ্য এমন এক ক্রেতার হাতে চলে যেতে পারে, অথচ ক্যারেক্টার.এআই প্রতিশ্রুতি দিয়েছিল তারা কখনোই এসব তথ্য বিক্রি করবে না। আইন এড়িয়ে যাওয়ার হাতিয়ার হিসেবে দেউলিয়া প্রক্রিয়াকে ব্যবহার করা উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি।
কলোরাডোর অ্যাটর্নি জেনারেল ফিল ওয়েইজার বলেন, যেসব শিশু ও পরিবার নিজেদের একান্ত ব্যক্তিগত ভাবনা ক্যারেক্টার.এআই-এর সঙ্গে ভাগ করেছে, তারা কখনো কল্পনাও করেনি যে এসব তথ্য সর্বোচ্চ দরদাতার কাছে নিলামে উঠতে পারে। তাঁর মতে, কোনো প্রতিষ্ঠানের আর্থিক সংকট গ্রাহক ও শিশুদের সুরক্ষার দায়িত্ব থেকে তাকে অব্যাহতি দিতে পারে না।
ডিজনির আলাদা চুক্তিতে প্রযুক্তি ও কর্মী নিয়োগ
ক্যারেক্টার.এআই-এর ব্যবহারকারী তথ্য ও ভোক্তা প্ল্যাটফর্ম বিক্রির প্রস্তাবের বাইরে প্রতিষ্ঠানটির প্রযুক্তি ও পেটেন্টের লাইসেন্স নিতে আলাদা দুই কোটি ডলারের প্রস্তাব দিয়েছে বিনোদন প্রতিষ্ঠান ডিজনি।
এই চুক্তির আওতায় ক্যারেক্টার.এআই-এর অধিকাংশ কর্মী এবং প্রধান নির্বাহী করনদীপ আনন্দকে নিয়োগ দেওয়ার পরিকল্পনা রয়েছে ডিজনির।
বিক্রি তদারকিতে স্বাধীন কর্মকর্তা
ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য হস্তান্তরের বিষয়টি যাচাই করতে আদালত একজন স্বাধীন ‘কনজ্যুমার প্রাইভেসি ওম্বাডসম্যান’ নিয়োগের নির্দেশ দিয়েছে। তথ্যের গোপনীয়তা ও ব্যবহারকারীদের স্বার্থ রক্ষার বিষয়টি পর্যালোচনা করবেন এই কর্মকর্তা।
আগামী ১ ডিসেম্বর নিলাম অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এরপর ডিসেম্বরের শুরুতে বিক্রির চূড়ান্ত অনুমোদন নিয়ে আদালতে শুনানি হওয়ার কথা।
তবে ৪২টি অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেলের আপত্তির পর আদালত শেষ পর্যন্ত ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য বিক্রির অনুমতি দেয় কি না, সেটিই এখন গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়ে উঠেছে।
তথ্যসূত্র: টেকক্রাঞ্চ ও দ্য ওয়াল স্ট্রিট জার্নাল।