যুক্তরাষ্ট্রে কর্মরত বিদেশি নাগরিকদের স্থায়ীভাবে বসবাসের অন্যতম পথ গ্রিন কার্ড পাওয়ার প্রক্রিয়ায় বড় ধরনের পরিবর্তনের উদ্যোগ নিয়েছে ট্রাম্প প্রশাসন। মার্কিন শ্রম বিভাগ এমন নতুন নীতিমালা চূড়ান্ত করার কাজ করছে, যার ফলে বিদেশি কর্মীদের জন্য নিয়োগদাতাদের গ্রিন কার্ড স্পন্সর করা আগের তুলনায় আরও কঠিন, দীর্ঘ এবং ব্যয়বহুল হয়ে উঠতে পারে। প্রস্তাবিত পরিবর্তন কার্যকর হলে যুক্তরাষ্ট্রে কর্মরত […]
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রে কর্মরত বিদেশি নাগরিকদের স্থায়ীভাবে বসবাসের অন্যতম পথ গ্রিন কার্ড পাওয়ার প্রক্রিয়ায় বড় ধরনের পরিবর্তনের উদ্যোগ নিয়েছে ট্রাম্প প্রশাসন। মার্কিন শ্রম বিভাগ এমন নতুন নীতিমালা চূড়ান্ত করার কাজ করছে, যার ফলে বিদেশি কর্মীদের জন্য নিয়োগদাতাদের গ্রিন কার্ড স্পন্সর করা আগের তুলনায় আরও কঠিন, দীর্ঘ এবং ব্যয়বহুল হয়ে উঠতে পারে।
প্রস্তাবিত পরিবর্তন কার্যকর হলে যুক্তরাষ্ট্রে কর্মরত হাজার হাজার বিদেশি দক্ষ পেশাজীবীর স্থায়ী হওয়ার সুযোগ আরও অনিশ্চিত হয়ে পড়বে বলে মনে করছেন অভিবাসন আইন বিশেষজ্ঞরা।
বর্তমানে কোনো বিদেশি কর্মীকে কর্মসংস্থানের ভিত্তিতে গ্রিন কার্ডের জন্য স্পন্সর করতে হলে নিয়োগদাতাকে প্রথমে পার্ম (PERM) নামে পরিচিত শ্রম সার্টিফিকেশন প্রক্রিয়া সম্পন্ন করতে হয়। এই প্রক্রিয়ায় প্রতিষ্ঠানকে প্রমাণ করতে হয় যে সংশ্লিষ্ট পদের জন্য যোগ্য কোনো মার্কিন নাগরিক পাওয়া যায়নি এবং বিদেশি কর্মী নিয়োগের ফলে স্থানীয় কর্মীদের চাকরি বা বেতনে নেতিবাচক প্রভাব পড়বে না।
মার্কিন শ্রম বিভাগের ভাষ্য অনুযায়ী, ২০০৪ সালের পর থেকে এই পার্ম ব্যবস্থায় বড় ধরনের কোনো সংস্কার হয়নি। বর্তমান শ্রমবাজারের বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রাখতে নিয়মগুলো আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হলেও, নতুন প্রস্তাবে আবেদন প্রক্রিয়া আরও কঠোর করার পরিকল্পনা রয়েছে।
নতুন নীতিমালার আওতায় কর্মী নিয়োগের বিজ্ঞাপন, আবেদন যাচাই এবং শ্রমবাজার পরীক্ষার ক্ষেত্রে নিয়োগদাতাদের আরও বেশি তথ্য-প্রমাণ উপস্থাপন করতে হবে। কাগজপত্র যাচাইয়ের ক্ষেত্রেও বাড়ানো হবে নজরদারি।
এছাড়া কোনো প্রতিষ্ঠানে কর্মী ছাঁটাই চললে বা সম্প্রতি ছাঁটাই হয়ে থাকলে সেই প্রতিষ্ঠানের বিদেশি কর্মী স্পন্সর করার আবেদন আরও কঠোরভাবে পর্যালোচনা করা হবে। শ্রম বিভাগের পরিকল্পনা অনুযায়ী, এ ধরনের পরিস্থিতিতে আগে মার্কিন নাগরিকদের কর্মসংস্থানের বিষয়টি অগ্রাধিকার দেওয়া হবে।
অভিবাসন বিশেষজ্ঞদের মতে, এসব পরিবর্তনের ফলে শুধু আবেদন নিষ্পত্তির সময়ই বাড়বে না, বরং কোম্পানিগুলোর আইনি ও প্রশাসনিক ব্যয়ও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। আবেদনপত্রে সামান্য অসঙ্গতি থাকলেও অতিরিক্ত তদন্ত কিংবা আবেদন বাতিলের ঝুঁকি তৈরি হতে পারে।
বিশ্লেষকদের মতে, অবৈধ অভিবাসন নিয়ন্ত্রণের পাশাপাশি বৈধ অভিবাসনের পথও আরও সীমিত করার যে নীতি ট্রাম্প প্রশাসন অনুসরণ করছে, নতুন এই উদ্যোগ তারই ধারাবাহিকতা।
এর আগে প্রশাসন এইচ-ওয়ানবি (H-1B) কর্মভিসার নিয়ম, বিদেশি কর্মীদের ন্যূনতম বেতন এবং যুক্তরাষ্ট্রের ভেতর থেকেই গ্রিন কার্ডের জন্য অ্যাডজাস্টমেন্ট অব স্ট্যাটাস প্রক্রিয়ার ক্ষেত্রেও পরিবর্তনের উদ্যোগ নেয়। একই সঙ্গে আবেদনকারীদের নিজ দেশে ফিরে কনস্যুলার সাক্ষাৎকারের ওপরও বেশি গুরুত্ব দেওয়ার পরিকল্পনা করা হয়েছে।
নতুন পার্ম নীতিমালা কার্যকর হলে যুক্তরাষ্ট্রের তথ্যপ্রযুক্তি, প্রকৌশল, স্বাস্থ্যসেবা এবং কর্পোরেট খাতে কর্মরত বাংলাদেশিসহ বিশ্বের বিভিন্ন দেশের দক্ষ কর্মীরা সবচেয়ে বেশি প্রভাবের মুখে পড়তে পারেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সূত্র: নিউজউইক