যুক্তরাষ্ট্রে অবস্থানরত নির্দিষ্ট শ্রেণির বিদেশি নাগরিকদের ওপর নজরদারি ও তথ্যসংগ্রহ জোরদার করতে নতুন নিবন্ধন নীতি কার্যকর করেছে মার্কিন প্রশাসন। দেশটির ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি (ডিএইচএস) ঘোষিত এই নিয়ম মঙ্গলবার (১ জুলাই) থেকে কার্যকর হয়েছে। নতুন বিধান অনুযায়ী, যেসব বিদেশি নাগরিকের বয়স ১৪ বছর বা তার বেশি এবং যারা যুক্তরাষ্ট্রে প্রবেশের আগে ভিসা আবেদনের সময় আঙুলের […]
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রে অবস্থানরত নির্দিষ্ট শ্রেণির বিদেশি নাগরিকদের ওপর নজরদারি ও তথ্যসংগ্রহ জোরদার করতে নতুন নিবন্ধন নীতি কার্যকর করেছে মার্কিন প্রশাসন। দেশটির ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি (ডিএইচএস) ঘোষিত এই নিয়ম মঙ্গলবার (১ জুলাই) থেকে কার্যকর হয়েছে।
নতুন বিধান অনুযায়ী, যেসব বিদেশি নাগরিকের বয়স ১৪ বছর বা তার বেশি এবং যারা যুক্তরাষ্ট্রে প্রবেশের আগে ভিসা আবেদনের সময় আঙুলের ছাপ বা বায়োমেট্রিক তথ্য জমা দেননি, তারা দেশটিতে ৩০ দিন বা তার বেশি সময় অবস্থান করলে বাধ্যতামূলকভাবে নিবন্ধন করতে হবে।
এই প্রক্রিয়া সহজ করতে মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন সংস্থা ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস (ইউএসসিআইএস) অনলাইনে নিবন্ধনের ব্যবস্থা চালু করেছে। এ জন্য আবেদনকারীদের ‘জি-৩২৫আর’ নামে একটি নির্ধারিত ফর্ম পূরণ করতে হবে।
১৪ বছরের কম বয়সী শিশুদের ক্ষেত্রে নিবন্ধনের দায়িত্ব থাকবে তাদের বাবা-মা অথবা আইনগত অভিভাবকের ওপর। এছাড়া, আগে নিবন্ধিত কোনো শিশু ১৪ বছরে পৌঁছালে তার বয়স পূর্ণ হওয়ার ৩০ দিনের মধ্যে নতুন করে নিবন্ধন ও ফিঙ্গারপ্রিন্ট জমা দিতে হবে।
নিবন্ধন সম্পন্ন হলে সংশ্লিষ্ট ব্যক্তিকে একটি সরকারি নিবন্ধন সনদ বা সার্টিফিকেট প্রদান করা হবে। ১৮ বছর বা তার বেশি বয়সী বিদেশি নাগরিকদের জন্য এই নথি সবসময় নিজেদের কাছে রাখা বাধ্যতামূলক করা হয়েছে।
তবে মার্কিন প্রশাসন স্পষ্ট করেছে, এই নিবন্ধন কোনো ধরনের অভিবাসন সুবিধা, বৈধ বসবাসের মর্যাদা কিংবা কর্মসংস্থানের অনুমতি প্রদান করবে না। এটি শুধুমাত্র একটি আইনি তথ্যনিবন্ধন প্রক্রিয়া।
প্রশাসনের ব্যাখ্যা অনুযায়ী, বিদেশি নাগরিকরা যুক্তরাষ্ট্রে প্রতিবার প্রবেশের পর যদি তাদের অবস্থান ৩০ দিন বা তার বেশি হয়, তাহলে প্রত্যেক ক্ষেত্রেই এই নিয়ম প্রযোজ্য হবে।
নিয়ম অমান্য করলে কঠোর শাস্তির মুখোমুখি হতে হতে পারে সংশ্লিষ্ট ব্যক্তিদের। ইচ্ছাকৃতভাবে নিবন্ধন না করলে সর্বোচ্চ পাঁচ হাজার ডলার জরিমানা, ছয় মাস পর্যন্ত কারাদণ্ড অথবা উভয় দণ্ড একসঙ্গে দেওয়া হতে পারে।
বিদেশি নাগরিকদের সুবিধার্থে প্রশাসন একটি অনলাইন ‘এআরআর ডিটারমিনেশন টুল’ চালু করেছে, যার মাধ্যমে কেউ সহজেই যাচাই করতে পারবেন নতুন এই নিবন্ধন বিধান তার ক্ষেত্রে প্রযোজ্য কি না।