সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

ফিচার
৪:০১ অপরাহ্ন, ৯ নভেম্বর ২০২৬

এক বছরে প্রায় ৩ হাজার খুন, বাড়ছে নাশকতা-সহিংসতা: কোথায় যাচ্ছে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি?

দেশে চলতি বছরের প্রথম ১০ মাসেই প্রায় তিন হাজার হত্যাকাণ্ডের মামলা হয়েছে। এর পাশাপাশি রাজধানীসহ বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, বাসে অগ্নিসংযোগ, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘাতের ঘটনা ঘটছে। থানার সামনে, পুলিশ লাইনস, পুলিশের টহল গাড়ি এবং গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনাও হামলার লক্ষ্যবস্তু হচ্ছে। ধারাবাহিক এসব ঘটনায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও নিরাপত্তাহীনতা […]

এক বছরে প্রায় ৩ হাজার খুন, বাড়ছে নাশকতা-সহিংসতা: কোথায় যাচ্ছে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি?

প্রতীকী ছবি

নিজস্ব প্রতিবেদক
৯ মিনিটে পড়ুন |

দেশে চলতি বছরের প্রথম ১০ মাসেই প্রায় তিন হাজার হত্যাকাণ্ডের মামলা হয়েছে। এর পাশাপাশি রাজধানীসহ বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, বাসে অগ্নিসংযোগ, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘাতের ঘটনা ঘটছে। থানার সামনে, পুলিশ লাইনস, পুলিশের টহল গাড়ি এবং গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনাও হামলার লক্ষ্যবস্তু হচ্ছে। ধারাবাহিক এসব ঘটনায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও নিরাপত্তাহীনতা বাড়ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ অভিযান, তল্লাশি ও চেকপোস্ট জোরদার করলেও অপরাধ প্রতিরোধে আগাম গোয়েন্দা তৎপরতা কতটা কার্যকর—সে প্রশ্ন উঠছে।

পুলিশের পরিসংখ্যান, মানবাধিকার সংগঠনের তথ্য এবং সাম্প্রতিক সহিংসতার ঘটনাগুলো দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগের চিত্র তুলে ধরছে। যদিও পুলিশের দাবি, বিচ্ছিন্ন এসব ঘটনা সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতিকে বড় ধরনের সংকটে ফেলেনি। অপরাধ বিশ্লেষকদের মতে, অপরাধ সংঘটনের পর গ্রেফতার ও শাস্তিমূলক ব্যবস্থার পাশাপাশি আগাম গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অপরাধ প্রতিরোধে গুরুত্ব দিতে হবে।

নাশকতা ও অগ্নিসংযোগে বাড়ছে আতঙ্ক

সাম্প্রতিক কয়েক দিনে রাজধানীর জনবহুল এলাকা, শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি স্থাপনা এবং পুলিশি নিরাপত্তাবেষ্টিত এলাকাতেও একের পর এক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার ৬ নভেম্বর থেকে রবিবার ৮ নভেম্বর পর্যন্ত আদাবর, শাহবাগ, খিলগাঁও, বিমানবন্দর, কালশী ও যাত্রাবাড়ীসহ বিভিন্ন এলাকায় বিস্ফোরণের খবর পাওয়া যায়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি, প্রশাসনিক ভবনসংলগ্ন এলাকা ও উপাচার্যের বাসভবনসংলগ্ন চত্বরেও ককটেল বিস্ফোরিত হয়। মালিবাগে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কার্যালয়ের সামনেও বিস্ফোরণের ঘটনা ঘটে। এর আগে আদাবর থানার সামনে, রাজারবাগ পুলিশ লাইনসের ফটকে, শাহবাগে পুলিশের ডিউটি গাড়ি এবং বনানীর সেতু ভবন লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করা হয়। কয়েকটি ঘটনায় মোটরসাইকেলে এসে বিস্ফোরণ ঘটিয়ে হামলাকারীদের পালিয়ে যাওয়ার তথ্য পাওয়া গেছে।

সোমবার ৯ নভেম্বর ফার্মগেট মেট্রোরেল স্টেশনের নিচে একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। স্টেশনে ফায়ার অ্যালার্ম বেজে উঠলে যাত্রী ও পথচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। একই দিন তেজগাঁও শিল্পাঞ্চলসহ রাজধানীর আরও কয়েকটি স্থানে ককটেল বিস্ফোরণের খবর পাওয়া যায়।

ওই দিন সন্ধ্যায় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) জানায়, ককটেল নিক্ষেপের সময় ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের সামনে থেকে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের দুই সদস্যকে ককটেল ও মোটরসাইকেলসহ গ্রেফতার করা হয়েছে। শ্যামপুর থানা এলাকা থেকেও গ্রেফতার করা হয় আরও একজনকে।

রাজধানীর বাইরে গাজীপুরের কালিয়াকৈরেও একই দিন দুটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকায় আজমেরী পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এর আগে ভোরেও একই মালিকের আরেকটি বাসে আগুন দেওয়া হয়। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, দুটি বাসে পৃথকভাবে আগুন দেওয়া হয়েছে। ঘটনাগুলো গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। এগুলো পরিকল্পিত কি না, তা খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

১০ মাসে ২ হাজার ৯৩৯ হত্যাকাণ্ডের মামলা

ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের পাশাপাশি সারা দেশে খুন, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি, দখল এবং আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘাতের ঘটনাও ঘটছে। প্রকাশ্যে গুলি, ছুরিকাঘাত ও নৃশংস হত্যাকাণ্ডের খবর মানুষের উদ্বেগ বাড়াচ্ছে।

পুলিশ সদর দপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত দেশে ২ হাজার ৯৩৯টি হত্যাকাণ্ডের মামলা হয়েছে। মাসভিত্তিক হিসাবে জানুয়ারিতে ২৮৭টি, ফেব্রুয়ারিতে ২৫০টি, মার্চে ৩১৭টি, এপ্রিলে ২৮৮টি, মে মাসে ৩১০টি, জুনে ৩২৬টি, জুলাইয়ে ২৯৮টি, আগস্টে ২৮৬টি, সেপ্টেম্বরে ২৯৭টি এবং অক্টোবরে ২৮০টি হত্যার মামলা নথিভুক্ত হয়েছে।

অর্থাৎ, প্রথম ১০ মাসে প্রতি মাসে গড়ে প্রায় ২৯৪টি এবং প্রতিদিন গড়ে প্রায় ১০টি হত্যাকাণ্ডের মামলা হয়েছে। পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, প্রতিটি ঘটনায় সংশ্লিষ্ট থানায় হত্যা মামলা দায়ের হয়েছে।

পুলিশ সদর দপ্তরের সেপ্টেম্বর মাসের অপরাধ পরিসংখ্যানেও বিভিন্ন অপরাধের চিত্র উঠে এসেছে। ওই মাসে সারা দেশে ডাকাতির ২৮টি, দস্যুতার ১৫৩টি, দাঙ্গার দুটি, নারী ও শিশু নির্যাতনের ২ হাজার ১১৩টি এবং অপহরণের ৭৮টি ঘটনা ঘটেছে। এ ছাড়া পুলিশের ওপর হামলার ৪০টি, সিঁধ কেটে চুরির ২৮১টি এবং সাধারণ চুরির ১০২টি ঘটনা নথিভুক্ত হয়েছে।

একই মাসে ১৬০টি অবৈধ অস্ত্র ও ৩০টি বিস্ফোরক উদ্ধারের তথ্য রয়েছে। মাদক উদ্ধারসংক্রান্ত মামলা হয়েছে ৭ হাজার ১০১টি। চোরাচালানের পণ্য জব্দের ঘটনায় মামলা হয়েছে ২৪৩টি।

রাজনৈতিক সহিংসতায় ৯ মাসে নিহত ১২০

আধিপত্য বিস্তার, পদ-পদবি নিয়ে বিরোধ, দখল এবং এলাকাভিত্তিক কোন্দলকে কেন্দ্র করে চলতি বছর রাজনৈতিক সহিংসতার ঘটনাও ঘটেছে।

মানবাধিকার সংগঠন অধিকারের তথ্য অনুযায়ী, জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত রাজনৈতিক সহিংসতায় ১২০ জন নিহত হয়েছেন। মাসভিত্তিক হিসাবে জানুয়ারিতে ১০ জন, ফেব্রুয়ারিতে আটজন, মার্চে ২০ জন, এপ্রিলে ১৫ জন, মে মাসে ১০ জন, জুনে ১৯ জন, জুলাইয়ে ১০ জন, আগস্টে নয়জন এবং সেপ্টেম্বরে আটজন নিহত হন।

একই সময়ে নির্যাতনে ছয়জন, পিটুনিতে দুজন এবং গুলিতে দুজন নিহত হওয়ার তথ্য দিয়েছে সংগঠনটি। এসব ঘটনায় আরও ১০ জনের মৃত্যুর তথ্য আলাদাভাবে উল্লেখ করেছে অধিকার।

এদিকে পুলিশ সূত্রে জানা গেছে, চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত খুলনা মহানগর ও জেলায় ৭৫টি হত্যাকাণ্ড ঘটেছে। এর মধ্যে খুলনা মহানগরীতে নারীসহ ৩৭ জন নিহত হয়েছেন। নিহতদের অধিকাংশই তরুণ। আধিপত্য বিস্তার, রাজনৈতিক সহিংসতা ও কিশোর গ্যাংয়ের দ্বন্দ্ব এসব হত্যাকাণ্ডের কারণ হিসেবে উঠে এসেছে।

মাদক কারবারের বিরোধকে কেন্দ্র করেও সহিংসতার অভিযোগ রয়েছে। গত ৬ নভেম্বর রাতে নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় আবুল কালাম নামে এক পুলিশ সদস্যকে নির্জন স্থানে ডেকে নিয়ে নির্যাতনের অভিযোগ উঠেছে মাদক কারবারিদের বিরুদ্ধে। অভিযোগ অনুযায়ী, হামলাকারীরা তাঁকে মারধর করে হাত-পা ভেঙে দেওয়ার পাশাপাশি পায়ের রগ কেটে দিয়েছে।

পুলিশের ওপর হামলা, নিরাপত্তা নিয়ে উদ্বেগ

একটির পর একটি বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনায় সাধারণ মানুষের নিরাপত্তার পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিরোধব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠছে। বিশেষ করে থানার সামনে এবং পুলিশ সদস্যদের লক্ষ্য করে হামলার ঘটনা অপরাধীদের বেপরোয়া আচরণের ইঙ্গিত দিচ্ছে।

এর আগে দেশের বিভিন্ন স্থানে আসামি গ্রেফতার করতে গিয়ে পুলিশের ওপর হামলা, আসামি ছিনিয়ে নেওয়া এবং সরকারি অস্ত্র লুটের ঘটনাও ঘটেছে।

পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত নয় মাসে সারা দেশে পুলিশের ওপর হামলার ঘটনায় ৪৪০টি মামলা নথিভুক্ত হয়েছে। এসব ঘটনা আইন প্রয়োগকারী সংস্থাগুলোর সামনে থাকা নিরাপত্তাগত চ্যালেঞ্জ আরও স্পষ্ট করেছে।

দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে কি না জানতে চাইলে পুলিশের অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) আহসান হাবীব পলাশ বাংলা ট্রিবিউনকে বলেন, এসব ঘটনা ঘটছে—এটি অস্বীকার করার সুযোগ নেই। তবে তাঁর মতে, এসব কারণে সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বড় ধরনের সংকটে পড়েনি। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার করা হচ্ছে বলেও জানান তিনি।

থানা ও পুলিশের টহল গাড়ি লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ এবং পুলিশ সদস্যদের ওপর হামলার কারণ জানতে চাইলে আহসান হাবীব পলাশ বলেন, হামলাকারীরা হয়তো পুলিশকে দুর্বল মনে করছে। এ ধরনের হামলার মাধ্যমে পুলিশের মনোবল ভেঙে দেওয়া সম্ভব বলে তারা ভাবতে পারে। তবে এর বাইরে নির্দিষ্ট কোনো কারণ তাঁর জানা নেই বলে জানান এই কর্মকর্তা।

এসব ঘটনার পেছনে রাজনৈতিক সংশ্লিষ্টতা এবং ডিসেম্বরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার বক্তব্যের সঙ্গে চলমান অস্থিরতার কোনো যোগসূত্র রয়েছে কি না—এমন প্রশ্নে মন্তব্য করতে রাজি হননি পুলিশের এই শীর্ষ কর্মকর্তা।

নাশকতার পেছনে কারা, উঠছে রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগ

সাম্প্রতিক বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনাগুলোকে পরিকল্পিত নাশকতা হিসেবে দেখছে পুলিশ। ডিএমপির দাবি, একটি নির্দিষ্ট গোষ্ঠী উদ্দেশ্যপ্রণোদিতভাবে এসব ঘটনা ঘটিয়ে জনমনে আতঙ্ক ছড়ানোর চেষ্টা করছে।

রবিবার ৮ নভেম্বর ডিএমপির উপপুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স) মো. আকতার হোসেন জানান, প্রতিটি ঘটনা নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও তদন্ত করা হচ্ছে। ইতোমধ্যে কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে, যাদের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ বিভিন্ন সংগঠনের সদস্য রয়েছেন। অপরাধ প্রতিরোধে গোয়েন্দা নজরদারি, টহল ও অভিযান জোরদার করা হয়েছে বলেও জানান তিনি।

এদিকে রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, বাসে অগ্নিসংযোগ ও সাম্প্রতিক অস্থিরতার পেছনে ‘পতিত শক্তির’ সংশ্লিষ্টতার অভিযোগ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।

সোমবার ৯ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা লক্ষ্য করছি, পতিত শক্তি অস্থিরতা সৃষ্টির উদ্দেশ্যে মাঝেমধ্যে বাস ও বিভিন্ন স্থাপনায় হামলা চালাচ্ছে। এসব ঘটনায় পুলিশ আইনানুগ ব্যবস্থা নেবে এবং কঠোরভাবে দমন করবে।’

কারা এসব অস্থিরতা সৃষ্টি করছে—এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যারাই করুক, তারা দুষ্কৃতকারী।’

তবে সাম্প্রতিক ঘটনাগুলোর পেছনে অভিন্ন কোনো পরিকল্পনা রয়েছে কি না, ককটেল তৈরি ও সরবরাহ করছে কারা এবং হামলাকারীদের নির্দেশদাতা বা অর্থদাতা কারা—এসব প্রশ্নের সুনির্দিষ্ট উত্তর এখনো পাওয়া যায়নি। কয়েকটি ঘটনায় গ্রেফতার ও বিস্ফোরক উদ্ধারের তথ্য মিললেও অন্য ঘটনাগুলোর তদন্ত চলছে। ফলে শুধু সন্দেহভাজনদের গ্রেফতার নয়, নাশকতার পুরো চক্র শনাক্ত করাও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

রাজধানীতে ২৫০ চেকপোস্ট বসিয়ে তল্লাশি

ধারাবাহিক ককটেল বিস্ফোরণের পর রাজধানীজুড়ে তল্লাশি কার্যক্রম জোরদার করেছে ডিএমপি। গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়সহ বিভিন্ন এলাকায় ২৫০টি চেকপোস্ট বসানো হয়েছে। এসব চেকপোস্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে মোটরসাইকেল, সিএনজি ও ব্যক্তিগত গাড়িতে তল্লাশি চালানো হচ্ছে।

ডিএমপির মিডিয়া বিভাগের উপকমিশনার মো. আকতার হোসেন জানান, রবিবারের ককটেল বিস্ফোরণের ঘটনায় ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি রাজধানীতে নিরাপত্তা বাড়িয়ে তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

তেজগাঁও, মহাখালী, মিরপুর, গাবতলী, যাত্রাবাড়ী, পল্টন, শাহবাগ, কারওয়ান বাজার, বাড্ডা, রামপুরা, উত্তরা ও ভাটারাসহ বিভিন্ন এলাকায় তল্লাশি চলছে।

রামপুরা থানার ওসি জাহাঙ্গীর হোসেন জানান, বিটিভির সামনে চেকপোস্ট বসিয়ে সন্দেহভাজন মোটরসাইকেল, সিএনজি ও ব্যক্তিগত গাড়িতে তল্লাশি চালানো হচ্ছে। বনশ্রীর সড়কে ককটেল বিস্ফোরণের ঘটনায় দুজনকে গ্রেফতারের কথাও জানান তিনি।

শেরেবাংলা নগর থানার ওসি মনিরুল ইসলাম বলেন, আগারগাঁও মেট্রো স্টেশনের নিচে তল্লাশি কার্যক্রম চলছে। রমনা বিভাগের উপকমিশনার শেখ জাহিদুল ইসলাম জানান, নিরাপত্তা জোরদার করতে বিভাগের প্রতিটি থানাকে চেকপোস্ট ও তল্লাশি কার্যক্রম পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে।

তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজানও জানান, দুর্বৃত্তদের গ্রেফতারে প্রতিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে চেকপোস্ট পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে।

অপরাধ প্রতিরোধে আগাম গোয়েন্দা তৎপরতার তাগিদ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. রেজাউল করিম বাংলা ট্রিবিউনকে বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট সংস্থাগুলো যথাযথভাবে দায়িত্ব পালন করছে—এমন বার্তা জনগণের কাছে পৌঁছানো জরুরি। তা না হলে অপরাধীরা বিভিন্ন ধরনের অপরাধ সংঘটনে উৎসাহিত হতে পারে।

তিনি বলেন, সাম্প্রতিক সময়ে বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটলেও খুন, অপহরণসহ আরও গুরুতর সহিংস অপরাধও সংঘটিত হচ্ছে। এসব অপরাধকে শুধু কোনো ব্যক্তির দেশে ফেরার সম্ভাবনা কিংবা নির্দিষ্ট রাজনৈতিক ঘটনাকে কেন্দ্র করে দেখার সুযোগ নেই। বরং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও নিরাপত্তাসংশ্লিষ্ট সংস্থাগুলো কতটা কার্যকরভাবে দায়িত্ব পালন করছে, সেটিই মূল বিবেচ্য বিষয়।

অধ্যাপক রেজাউল করিমের মতে, ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগের ঘটনা বেশি আলোচনায় এলেও অন্যান্য গুরুতর অপরাধও সমান গুরুত্ব দিয়ে বিবেচনা করা প্রয়োজন। অপরাধকে রাজনৈতিক পরিস্থিতি বা নির্দিষ্ট কোনো ঘটনার সঙ্গে মিলিয়ে বিচার না করে অপরাধ হিসেবেই দেখতে হবে। অপরাধের পর কতটা কার্যকর আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং তা প্রতিরোধে সংশ্লিষ্ট সংস্থাগুলোর তৎপরতা কতটা—সেদিকে নজর দেওয়া জরুরি।

তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর মধ্যে কার্যকর গোয়েন্দা তথ্য বিনিময়, সমন্বিত তৎপরতা ও নজরদারি নিশ্চিত করা গেলে এ ধরনের অপরাধ অনেকাংশে প্রতিরোধ করা সম্ভব। অপরাধ সংঘটনের পর ব্যবস্থা নেওয়ার পাশাপাশি আগাম গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অপরাধ প্রতিরোধে গুরুত্ব দিতে হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও অপরাধ বিশ্লেষক ড. তৌহিদুল হক বাংলা ট্রিবিউনকে বলেন, ঢাকাসহ দেশের বড় শহরগুলোতে সাম্প্রতিক ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনায় মানুষের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক তৈরি হয়েছে। একটি গোষ্ঠী এসব ঘটনার মাধ্যমে জনমনে ভীতিকর পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে। তবে এর পেছনে কারা রয়েছে, তাদের রাজনৈতিক পরিচয় ও উদ্দেশ্য কী—তা তদন্তের মাধ্যমে খুঁজে বের করতে হবে।

ড. তৌহিদুল হক বলেন, ডিসেম্বরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতিতে ফিরে আসা কিংবা সক্রিয় হওয়ার বিষয়টি রাজনৈতিক আলোচনায় রয়েছে। কিন্তু সাম্প্রতিক অস্থিরতার সঙ্গে এর কতটা সংযোগ রয়েছে, তা অনুমানের ভিত্তিতে নয়, তদন্তের মাধ্যমে নিশ্চিত করা প্রয়োজন। একই সঙ্গে অপরাধীদের গ্রেফতার এবং আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা ও গোয়েন্দা নজরদারি বাড়ানো জরুরি।

তাঁর মতে, নির্বাচিত জনপ্রতিনিধিদেরও নিজেদের দায়িত্বের জায়গা থেকে সক্রিয় হতে হবে। অপরাধীরা বারবার সহিংসতা ঘটিয়েও আইনের আওতার বাইরে থেকে গেলে আরও বেপরোয়া হওয়ার সুযোগ পাবে। তাই সরকার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে পরিস্থিতি মোকাবিলা করতে হবে। একই সঙ্গে নিরপরাধ কেউ যেন হয়রানির শিকার না হন, সেটিও নিশ্চিত করা জরুরি।

সূত্র: বাংলা ট্রিবিউন

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ