মুন্সিগঞ্জের গজারিয়ায় হামদর্দ নগরে হামদর্দ বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে শনিবার অত্যন্ত জাঁকজমকপূর্ণ ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়টির প্রথম সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে। সমাবর্তন অনুষ্ঠানে ১ হাজার ৭৫৪ জন শিক্ষার্থীকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রির সনদ প্রদান করা হয়। বিশ্ববিদ্যালয়ের আচার্য রাষ্ট্রপতির প্রতিনিধি হিসেবে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। তিনি নিজ হাতে গ্রাজুয়েটদের […]
ছবি: সংগৃহীত
মুন্সিগঞ্জের গজারিয়ায় হামদর্দ নগরে হামদর্দ বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে শনিবার অত্যন্ত জাঁকজমকপূর্ণ ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়টির প্রথম সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে।
সমাবর্তন অনুষ্ঠানে ১ হাজার ৭৫৪ জন শিক্ষার্থীকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রির সনদ প্রদান করা হয়। বিশ্ববিদ্যালয়ের আচার্য রাষ্ট্রপতির প্রতিনিধি হিসেবে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। তিনি নিজ হাতে গ্রাজুয়েটদের সনদ তুলে দেন।
সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান।
ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন তার বক্তব্যে বলেন, বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েটরাই দেশ পরিচালনার নেতৃত্ব দেন এবং ভবিষ্যৎ সমাজব্যবস্থার অন্যতম চালিকাশক্তি। অর্জিত জ্ঞান, অভিজ্ঞতা, প্রজ্ঞা, নৈতিকতা ও মূল্যবোধ দিয়ে সমাজ ও দেশের কল্যাণে কাজ করাই গ্রাজুয়েটদের মূল দায়িত্ব বলে তিনি উল্লেখ করেন।
দেশকে বদলে দিতে সততার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, বাংলাদেশের ৫৪ বছরের ইতিহাসে যেমন সাফল্য রয়েছে, তেমনি ব্যর্থতাও আছে। আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমর্যাদা এখনো কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছায়নি। এই বাস্তবতায় সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করলেই দেশকে এগিয়ে নেওয়া সম্ভব হবে বলে মন্তব্য করেন তিনি।
সমাবর্তন বক্তা অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেন, গ্রাজুয়েটদের আজকের এই অর্জনের পেছনে বহু মানুষের অবদান রয়েছে, যার মধ্যে সবচেয়ে বড় অবদান বাবা-মা ও অভিভাবকদের। তাদের প্রতি কৃতজ্ঞ থাকার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, ভবিষ্যতের পথ সহজ নয়। প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে দক্ষতা, সহনশীলতা, সততা ও নিষ্ঠার মাধ্যমে নিজেদের যোগ্যতা প্রমাণ করতে হবে। মানবকল্যাণে কাজ করাই শিক্ষিত মানুষের প্রধান দায়িত্ব হওয়া উচিত বলেও তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন, হামদর্দ বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান জাতীয় অধ্যাপক ডা. এ কে আজাদ খান, ভাইস চেয়ারম্যান অধ্যাপক ড. চৌধুরী মাহমুদ হাসান, বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও প্রধান পৃষ্ঠপোষক ড. হাকিম মো. ইউসুফ হারুন ভূইয়া এবং উপাচার্য অধ্যাপক মো. মনজারুল আলম।
সমাবর্তনে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। বিজনেস অনুষদের তৃতীয় ব্যাচের শিক্ষার্থী মো. আশরাফুল হোসেন চ্যান্সেলর গোল্ড মেডেল লাভ করেন। ফাউন্ডার গোল্ড মেডেল পান অধ্যাপক ড. কামরুন্নাহার হারুন পলিন। এছাড়া বিভিন্ন বিভাগের আটজন গ্রাজুয়েটকে ভাইস-চ্যান্সেলর গোল্ড মেডেলে ভূষিত করা হয়।
এর আগে ধর্ম উপদেষ্টা রাজধানীর বেইলি রোডে অফিসার্স ক্লাবে সেন্টার যাকাত ম্যানেজমেন্টের আয়োজনে ‘যাকাত ফেয়ার–২০২৬’-এর শুভ উদ্বোধন করেন।