আগামী ২০২৭ শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তকে শহীদ শরীফ ওসমান বিন হাদির বীরত্বগাথা অন্তর্ভুক্ত করা হচ্ছে না। সরকারের বিনামূল্যের পাঠ্যবই প্রণয়ন ও প্রকাশনার দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) সর্বশেষ উচ্চপর্যায়ের বৈঠকে এ বিষয়ে কোনো সিদ্ধান্ত গৃহীত হয়নি। এনসিটিবি সূত্রে জানা গেছে, ২০২৭ শিক্ষাবর্ষের প্রাথমিক স্তরের পাঠ্যবই সম্পাদনার কাজ প্রায় সম্পন্ন হয়েছে। এনসিটিবির প্রাথমিক শিক্ষাক্রম উইংয়ের […]
আগামী ২০২৭ শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তকে শহীদ শরীফ ওসমান বিন হাদির বীরত্বগাথা অন্তর্ভুক্ত করা হচ্ছে না। সরকারের বিনামূল্যের পাঠ্যবই প্রণয়ন ও প্রকাশনার দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) সর্বশেষ উচ্চপর্যায়ের বৈঠকে এ বিষয়ে কোনো সিদ্ধান্ত গৃহীত হয়নি।
এনসিটিবি সূত্রে জানা গেছে, ২০২৭ শিক্ষাবর্ষের প্রাথমিক স্তরের পাঠ্যবই সম্পাদনার কাজ প্রায় সম্পন্ন হয়েছে। এনসিটিবির প্রাথমিক শিক্ষাক্রম উইংয়ের সদস্য অধ্যাপক ড. মো. ইকবাল হায়দার জানিয়েছেন, ২০২৭ সালের পঞ্চম শ্রেণির ‘বাংলাদেশ ও বিশ্বপরিচয়’ বইয়ে শহীদ শরীফ ওসমান বিন হাদির বিষয়টি অন্তর্ভুক্ত থাকছে না।
তিনি বলেন, ২০২৮ শিক্ষাবর্ষে বিষয়টি অন্তর্ভুক্ত হবে কি না, সে বিষয়ে পরবর্তী সময়ে সংশ্লিষ্ট পরিকল্পনা ও বিষয়ভিত্তিক কমিটি সিদ্ধান্ত নেবে। বর্তমানে এ বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
এনসিটিবি সূত্র জানায়, ২০২৮ সাল থেকে প্রাথমিক শিক্ষাক্রমে বড় ধরনের পরিবর্তনের পরিকল্পনা রয়েছে। নতুন শিক্ষাক্রম বাস্তবায়নের সময় পাঠ্যবইয়ে নতুন বিষয় সংযোজন বা বিয়োজনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
বর্তমানে প্রাথমিকের প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত মোট ৩৬টি বইয়ের সম্পাদনার কাজ শেষ হয়েছে। তবে সরকারের ঘোষণানুযায়ী চতুর্থ শ্রেণির দুটি নতুন বইয়ের কাজ এখনও চলমান রয়েছে। এসব বইয়ের কাজ আগামী ১০ আগস্টের মধ্যে শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
অন্যদিকে ২০২৭ সালের পাঠ্যবইয়ে বেশ কিছু নতুন বিষয় সংযোজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে নবম-দশম শ্রেণির বাংলা সাহিত্য বইয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লেখা ‘একটি জাতির জন্ম’ ও ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’ শীর্ষক প্রবন্ধের আলোকে নতুন পাঠ অন্তর্ভুক্ত করা হচ্ছে।
এছাড়া পঞ্চম শ্রেণির ‘বাংলাদেশ ও বিশ্বপরিচয়’ বইয়ের ‘আমাদের স্মরণীয় নেতা’ অধ্যায়ে পূর্বে থাকা চার নেতার সঙ্গে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জীবনী সংযোজনের সিদ্ধান্ত হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, ২০২৮ সালের পঞ্চম শ্রেণির বাংলা বইয়ের ‘আমরা তোমাদের ভুলব না’ অধ্যায়ে তিতুমীর, প্রীতিলতা ওয়াদ্দেদার, নূর হোসেন, আবু সাঈদ ও মুগ্ধর আত্মত্যাগের বর্ণনার পাশাপাশি শহীদ শরীফ ওসমান বিন হাদিকেও অন্তর্ভুক্ত করার বিষয়ে প্রাথমিক পর্যায়ে আলোচনা হয়েছে। তবে এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়নি।
এনসিটিবির সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, পাঠ্যবইয়ে কোনো বিষয় অন্তর্ভুক্ত বা বাদ দেওয়ার চূড়ান্ত এখতিয়ার বিষয়ভিত্তিক বিশেষজ্ঞ কমিটির হাতে রয়েছে। তাদের সুপারিশের ভিত্তিতেই ভবিষ্যতে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।