সাম্প্রতিক বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে চলমান ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার অবশিষ্ট সব বিষয়ের পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। তবে দেশের অন্যান্য শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি ও সমমানের পরীক্ষা পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (১৬ জুলাই) রাতে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার […]
ছবি: সংগৃহীত
সাম্প্রতিক বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে চলমান ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার অবশিষ্ট সব বিষয়ের পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। তবে দেশের অন্যান্য শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি ও সমমানের পরীক্ষা পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) রাতে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পাশাপাশি চট্টগ্রাম বোর্ডের আওতাধীন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি, আলিম, এইচএসসি (বিএমটি), এইচএসসি (ভোকেশনাল) এবং ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষার অবশিষ্ট সব বিষয় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অনুষ্ঠিত হবে না।
সিদ্ধান্তের কারণ হিসেবে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকার সার্বিক পরিস্থিতি, পরীক্ষার্থীদের শারীরিক ও মানসিক অবস্থা, অংশীজনদের মতামত এবং ক্ষতিগ্রস্ত সড়ক যোগাযোগ ব্যবস্থার কারণে পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে যাতায়াতের সম্ভাব্য ভোগান্তি বিবেচনায় নিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক হলে নতুন পরীক্ষার সময়সূচি বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
এদিকে অন্যান্য শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের (চট্টগ্রাম বোর্ডের আওতাধীন জেলা ছাড়া) অধীন অন্যান্য জেলার এইচএসসি ও সমমানের পরীক্ষা পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী যথারীতি অনুষ্ঠিত হবে।