ঢাকা বিশ্ববিদ্যালয়: ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আর্জেন্টিনা সমর্থকদের উচ্ছ্বাসে যোগ দিলেন বাংলাদেশে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা। আর্জেন্টিনা ও অস্ট্রিয়ার মধ্যকার ম্যাচ ঘিরে আয়োজিত অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি শিক্ষার্থীদের সঙ্গে খেলা উপভোগ করেন। সোমবার রাতে ম্যাচ শুরুর আগে বিশ্ববিদ্যালয়ের হাজী মুহাম্মদ মুহসিন হল মাঠে উপস্থিত হন রাষ্ট্রদূত। তার আগমনে শিক্ষার্থী ও […]
ছবি: সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয়: ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আর্জেন্টিনা সমর্থকদের উচ্ছ্বাসে যোগ দিলেন বাংলাদেশে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা। আর্জেন্টিনা ও অস্ট্রিয়ার মধ্যকার ম্যাচ ঘিরে আয়োজিত অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি শিক্ষার্থীদের সঙ্গে খেলা উপভোগ করেন।
সোমবার রাতে ম্যাচ শুরুর আগে বিশ্ববিদ্যালয়ের হাজী মুহাম্মদ মুহসিন হল মাঠে উপস্থিত হন রাষ্ট্রদূত। তার আগমনে শিক্ষার্থী ও দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়। এ সময় তার সঙ্গে আর্জেন্টিনার কয়েকজন অতিথি ও প্রতিনিধিও উপস্থিত ছিলেন।
বিশ্বকাপ উপলক্ষে মুহসিন হল ও ড. মুহম্মদ শহীদুল্লাহ্ হল মাঠজুড়ে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। শত শত সমর্থক প্রিয় দলের জার্সি ও পতাকা নিয়ে মাঠে জড়ো হন। ম্যাচ শুরুর নির্ধারিত সময়ের কয়েক ঘণ্টা আগ থেকেই ক্যাম্পাসে বাড়তে থাকে দর্শকদের উপস্থিতি।
বাংলাদেশে আর্জেন্টিনা ফুটবল দলের বিপুল জনপ্রিয়তায় মুগ্ধতা প্রকাশ করে রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা বলেন, “মনে হচ্ছে আমি আর্জেন্টিনাতেই আছি। এখানে এসে নিজের দেশের মতো অনুভূতি হচ্ছে।” তিনি বাংলাদেশের ফুটবলপ্রেমী মানুষের প্রতি কৃতজ্ঞতা জানান।
অনুষ্ঠানে উপস্থিত আর্জেন্টিনার জনপ্রিয় ইনফ্লুয়েন্সার রুলিও বাংলাদেশের প্রতি ভালোবাসা প্রকাশ করেন। তিনি বলেন, “বাংলাদেশ, তোমাকে ভালোবাসি।”
ম্যাচ উপলক্ষে ছাত্রদলের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান ও সংগীত পরিবেশনার আয়োজন করা হয়। এতে সংগঠনটির কেন্দ্রীয় ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আরও অংশ নেন আর্জেন্টিনার ভ্রমণ লেখক, কনটেন্ট নির্মাতা এবং বিভিন্ন সৃজনশীল পেশার সঙ্গে যুক্ত কয়েকজন অতিথি। তাদের উপস্থিতিতে বিশ্বকাপ ঘিরে ক্যাম্পাসের আয়োজন আন্তর্জাতিক মাত্রা পায়।
ফুটবলপ্রেমী শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং আর্জেন্টিনার অতিথিদের উপস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বিশ্বকাপের আমেজ যেন নতুন মাত্রা লাভ করে।