ইরানের দক্ষিণাঞ্চলের জলসীমা থেকে ‘শত্রু বাহিনীকে’ পিছু হটানো হয়েছে দাবি করে এবার আরব সাগর থেকেও তাদের সরিয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। সোমবার দেওয়া এক লিখিত বার্তায় তিনি এ কথা বলেন। ইরান-ইরাক যুদ্ধ স্মরণে আয়োজিত ‘স্যাক্রেড ডিফেন্স উইক’ এবং ২০২৪ সালে নিহত হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহর মৃত্যুর দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে এই বার্তা […]
ছবি: সংগৃহীত
ইরানের দক্ষিণাঞ্চলের জলসীমা থেকে ‘শত্রু বাহিনীকে’ পিছু হটানো হয়েছে দাবি করে এবার আরব সাগর থেকেও তাদের সরিয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। সোমবার দেওয়া এক লিখিত বার্তায় তিনি এ কথা বলেন।
ইরান-ইরাক যুদ্ধ স্মরণে আয়োজিত ‘স্যাক্রেড ডিফেন্স উইক’ এবং ২০২৪ সালে নিহত হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহর মৃত্যুর দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে এই বার্তা দেওয়া হয়।
বার্তায় মোজতবা খামেনি বলেন, হরমুজ প্রণালির রক্ষক ও ইরানি যোদ্ধাদের ‘ব্যাপক আঘাতের’ পর শত্রু বাহিনী এখন আরব সাগরের দিকে এগিয়ে আসার সাহস করছে না। তাদের আরব সাগর থেকেও সরিয়ে দেওয়ার সময় দ্রুতই আসছে বলে দাবি করেন তিনি।
তিনি আরও বলেন, ইরানকে অতীতের পরাধীন ও নির্ভরশীল অবস্থায় ফিরিয়ে নেওয়ার সময় আর ফিরে আসবে না। তার দাবি, বর্তমানে কেউ কেউ ইরানকে বিশ্বের চতুর্থ পরাশক্তি হিসেবেও বিবেচনা করেন।
এদিকে ইরানের ওপর যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক চাপও অব্যাহত রয়েছে। ওয়াশিংটন ‘অপারেশন ইকোনমিক আউটকাস্ট’-এর আওতায় দেশটির বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা জারি করেছে। আগস্টে শুরু হওয়া এই অভিযানের লক্ষ্য ইরানের অর্থনৈতিক যোগাযোগ ও রাজস্বের ওপর চাপ বাড়ানো।
অন্যদিকে, মার্কিন নিষেধাজ্ঞার কারণে বিমান চলাচলে বিভিন্ন বাধার অভিযোগ তুলে আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার (আইসিএও) কাছে আনুষ্ঠানিক অভিযোগ করেছে ইরান। দেশটির বেসামরিক বিমান চলাচল সংস্থার প্রধান আবুজার শিরুদি জানিয়েছেন, বন্ধ হয়ে যাওয়া কয়েকটি বিমানপথ পুনরায় চালুর জন্য কূটনৈতিক ও আইনি উদ্যোগও নেওয়া হচ্ছে।