ইরাকে থাকা শেষ মার্কিন সামরিক ঘাঁটিগুলো থেকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে সেনা প্রত্যাহার করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। দুই দশকের বেশি সময় ধরে চলা যুদ্ধে প্রায় ৪ হাজার ৫০০ মার্কিন সেনা নিহত হওয়ার পর এই প্রত্যাহারকে ইরান ও তার মিত্ররা বিজয় হিসেবে দেখছে। ২০২৪ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের সময় ইরাক থেকে মার্কিন নেতৃত্বাধীন জোটের সেনা […]
ইরাকে থাকা শেষ মার্কিন সামরিক ঘাঁটিগুলো থেকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে সেনা প্রত্যাহার করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। দুই দশকের বেশি সময় ধরে চলা যুদ্ধে প্রায় ৪ হাজার ৫০০ মার্কিন সেনা নিহত হওয়ার পর এই প্রত্যাহারকে ইরান ও তার মিত্ররা বিজয় হিসেবে দেখছে।
২০২৪ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের সময় ইরাক থেকে মার্কিন নেতৃত্বাধীন জোটের সেনা প্রত্যাহারের বিষয়ে সমঝোতা হয়। বর্তমানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করছে।
ইরাকে মার্কিন সামরিক উপস্থিতির অবসানকে ইরানপন্থী বিভিন্ন গোষ্ঠী নিজেদের দীর্ঘদিনের প্রতিরোধের ফল হিসেবে তুলে ধরছে। ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাকের কমান্ডার আবু মুজতবা আল-ইয়াসিরি মার্কিন সেনা প্রত্যাহারকে ‘ঐতিহাসিক বিজয়’ হিসেবে অভিহিত করেছেন।
আল-ইয়াসিরি বলেন, ৩০ সেপ্টেম্বর ইরাকের ইতিহাসের একটি ‘কালো অধ্যায়ের’ সমাপ্তি উদযাপন করা হবে। তার ভাষ্য, বিদেশি সেনাদের উপস্থিতির মাধ্যমে ইরাকের সার্বভৌমত্ব নিশ্চিত করা যায় না; বরং প্রতিরোধ ও জনগণের ইচ্ছার মাধ্যমেই দেশের সার্বভৌমত্ব নিশ্চিত করা সম্ভব।
ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার দেশটির রাজনীতি ও নিরাপত্তা পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে পারে। একই সঙ্গে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি এবং ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠীগুলোর সঙ্গে তাদের দীর্ঘদিনের বিরোধের ক্ষেত্রেও এটি নতুন পরিস্থিতি তৈরি করছে।