মিয়ানমারের রাখাইন রাজ্যে সামরিক বাহিনীর বিমান হামলায় অন্তত ৩৩ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৩৬ জন আহত হয়েছেন বলে জানিয়েছে অঞ্চলটির নিয়ন্ত্রণকারী সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি ও স্থানীয় ত্রাণকর্মীরা। সোমবার (২৮ সেপ্টেম্বর) রাখাইনের উত্তরাঞ্চলের নদীতীরবর্তী শহর কিয়াউকটাওয়ের একটি বাজারের কাছে এই হামলা চালানো হয়। স্থানীয় একটি ত্রাণ দলের দায়িত্বে থাকা ওয়াই হুন […]
ছবি: সংগৃহীত
মিয়ানমারের রাখাইন রাজ্যে সামরিক বাহিনীর বিমান হামলায় অন্তত ৩৩ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৩৬ জন আহত হয়েছেন বলে জানিয়েছে অঞ্চলটির নিয়ন্ত্রণকারী সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি ও স্থানীয় ত্রাণকর্মীরা।
সোমবার (২৮ সেপ্টেম্বর) রাখাইনের উত্তরাঞ্চলের নদীতীরবর্তী শহর কিয়াউকটাওয়ের একটি বাজারের কাছে এই হামলা চালানো হয়। স্থানীয় একটি ত্রাণ দলের দায়িত্বে থাকা ওয়াই হুন আং হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, হামলার স্থানটি মূল যুদ্ধক্ষেত্র থেকে বেশ দূরে। ওই এলাকার সঙ্গে চলমান সশস্ত্র সংঘাতেরও সরাসরি কোনো সম্পর্ক ছিল না বলে দাবি করেন তিনি।
২০২১ সালে সামরিক অভ্যুত্থানের পর থেকেই মিয়ানমারে গৃহযুদ্ধ চলছে। সামরিক জান্তার বিরুদ্ধে দেশটির বিভিন্ন অঞ্চলে লড়াই করছে আরাকান আর্মিসহ কয়েকটি সশস্ত্র গোষ্ঠী।
তবে রাখাইনে চালানো সর্বশেষ এই বিমান হামলা নিয়ে মিয়ানমার সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। এর আগে সামরিক বাহিনী দাবি করেছে, বেসামরিক মানুষের ক্ষয়ক্ষতি এড়াতে তারা সর্বোচ্চ সতর্কতা বজায় রাখে।
স্থানীয় পর্যবেক্ষকদের মতে, গত ডিসেম্বরে একটি হাসপাতালে প্রাণঘাতী বিমান হামলার পর এটিই রাখাইনে বেসামরিক প্রাণহানির সবচেয়ে ভয়াবহ ঘটনাগুলোর একটি।