সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

শিক্ষা
৩:৩৩ পিএম, ৯ ফেব্রুয়ারি ২০২৬

এক মাসের বেশি সময় পর শতভাগ পাঠ্যবই বিতরণ সম্পন্ন করল এনসিটিবি

নতুন শিক্ষাবর্ষ শুরুর এক মাস সাত দিন পর অবশেষে দেশের সব শিক্ষার্থীর জন্য বিনা মূল্যের পাঠ্যবই বিতরণ কার্যক্রম সম্পন্ন করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। গত ৭ ফেব্রুয়ারি শতভাগ বই সরবরাহ শেষ হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে এনসিটিবি। বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৬ শিক্ষাবর্ষে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের […]

এক মাসের বেশি সময় পর শতভাগ পাঠ্যবই বিতরণ সম্পন্ন করল এনসিটিবি

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

নতুন শিক্ষাবর্ষ শুরুর এক মাস সাত দিন পর অবশেষে দেশের সব শিক্ষার্থীর জন্য বিনা মূল্যের পাঠ্যবই বিতরণ কার্যক্রম সম্পন্ন করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। গত ৭ ফেব্রুয়ারি শতভাগ বই সরবরাহ শেষ হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে এনসিটিবি।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৬ শিক্ষাবর্ষে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের জন্য মোট ৩০ কোটি ২ লাখ ৫৫ হাজার ১৫৪টি পাঠ্যপুস্তক মুদ্রণ ও বিতরণ করা হয়েছে। এর মধ্যে প্রাথমিক ও ইবতেদায়ি স্তরের জন্য ১১ কোটি ৭০ লাখ ৪৬ হাজার ৪৬১টি এবং মাধ্যমিক স্তরের জন্য ১৮ কোটি ৩২ লাখ ৮ হাজার ৬৯৩টি বই রয়েছে।

এ ছাড়া বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য ব্রেইল পদ্ধতিতে ৬ হাজার ২৬টি এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের জন্য তাদের নিজস্ব ভাষায় ১ লাখ ৮৫ হাজার ৭১৫টি পাঠ্যপুস্তক সরবরাহ করা হয়েছে। পাশাপাশি গত ২৮ ডিসেম্বর এনসিটিবির ওয়েবসাইটে ৬৪৭টি পাঠ্যবইয়ের অনলাইন সংস্করণ উন্মুক্ত করা হয়।

এবার প্রাথমিক স্তরের সব বই ডিসেম্বরের মাঝামাঝিতেই শিক্ষাপ্রতিষ্ঠানে পৌঁছে দেওয়া হলেও মাধ্যমিক স্তরে, বিশেষ করে সপ্তম ও অষ্টম শ্রেণির বই বিতরণে বিলম্ব দেখা দেয়। দীর্ঘ অপেক্ষার পর সব শ্রেণির বই সরবরাহ সম্পন্ন হলো।

উল্লেখ্য, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর টানা দুই শিক্ষাবর্ষে বিনা মূল্যে পাঠ্যবই বিতরণের সুযোগ পেলেও বছরের শুরুতেই সব শিক্ষার্থীর হাতে সম্পূর্ণ বই তুলে দেওয়া সম্ভব হয়নি। গত বছর শিক্ষাবর্ষের শুরুতে বই বিতরণ শেষ করতে প্রায় তিন মাস সময় লেগেছিল, যা শিক্ষার্থীদের পড়ালেখায় নেতিবাচক প্রভাব ফেলেছিল।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ