ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শেখ মুজিবুর রহমান হলের প্রধান ফটক থেকে ‘শহীদ ওসমান হাদি হল’ নামটি সরিয়ে আগের নাম ‘শেখ মুজিবুর রহমান হল’ পুনর্বহালের কার্যক্রম শুরু হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে হলের ফটক থেকে হাদির নাম মুছে ফেলার কাজ শুরু করে হল প্রশাসন। হলের সিনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার মো. জবান আলী বলেন, শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে মৌখিকভাবে হলের […]
ছবি: সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শেখ মুজিবুর রহমান হলের প্রধান ফটক থেকে ‘শহীদ ওসমান হাদি হল’ নামটি সরিয়ে আগের নাম ‘শেখ মুজিবুর রহমান হল’ পুনর্বহালের কার্যক্রম শুরু হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে হলের ফটক থেকে হাদির নাম মুছে ফেলার কাজ শুরু করে হল প্রশাসন।
হলের সিনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার মো. জবান আলী বলেন, শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে মৌখিকভাবে হলের নাম সংশোধনের দাবি জানিয়ে আসছিলেন। নাম নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের বিভ্রান্তি এড়াতে আগের নামটি আবার লেখা হচ্ছে। আগামী দুয়েক দিনের মধ্যে ফটকে ‘শেখ মুজিবুর রহমান হল’ নামটি লেখা হবে।
বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য (প্রশাসন) অধ্যাপক মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী জানান, গত সিনেটের সিদ্ধান্ত অনুযায়ী স্থাপনাগুলোর আগের নাম বহাল রাখা হচ্ছে।
এর আগে ২০২৫ সালের ২০ ডিসেম্বর রাতে হলের প্রধান ফটক থেকে ‘শেখ মুজিবুর রহমান হল’ নাম মুছে ‘শহীদ ওসমান হাদি হল’ লেখা হয়। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি গুলিবিদ্ধ হয়ে মারা যাওয়ার পর একদল শিক্ষার্থী ওই নাম পরিবর্তন করেন।
পরে ২০২৬ সালের জানুয়ারিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় শেখ মুজিবুর রহমান হলের নাম পরিবর্তন করে ‘শহীদ ওসমান হাদি হল’ করার সুপারিশ করা হয়েছিল। তবে ওই সুপারিশ চূড়ান্ত অনুমোদন পায়নি।
বিষয়টি পরবর্তী সময়ে বিশ্ববিদ্যালয়ের সিনেট অধিবেশনেও আলোচনায় আসে। সেখানে নাম পরিবর্তন নিয়ে ভিন্নমত দেখা দেয় এবং বিষয়টি পুনরায় সিন্ডিকেটে পাঠানোর সিদ্ধান্তের কথা জানানো হয়। এ নিয়ে ডাকসুর কয়েকজন সিনেট সদস্য অধিবেশন থেকে ওয়াকআউটও করেন।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, হলটির ফটকে এবার আগের নামই পুনঃস্থাপন করা হবে। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটেও হলটির নাম ‘শেখ মুজিবুর রহমান হল’ হিসেবে উল্লেখ রয়েছে।