যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ওয়ারেন শহরে মেয়েকে গাড়ি চালানো শেখাতে গিয়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে এক বাংলাদেশি বাবার। ১৮ বছর বয়সী মেয়েকে গাড়ি চালানো শেখানোর সময় গাড়ির ধাক্কায় গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। রোববার বিকেল ৪টার দিকে ওয়ার্নার অ্যাভিনিউর কাছে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, মেয়েকে গাড়ি ঘুরিয়ে […]
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ওয়ারেন শহরে মেয়েকে গাড়ি চালানো শেখাতে গিয়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে এক বাংলাদেশি বাবার। ১৮ বছর বয়সী মেয়েকে গাড়ি চালানো শেখানোর সময় গাড়ির ধাক্কায় গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
রোববার বিকেল ৪টার দিকে ওয়ার্নার অ্যাভিনিউর কাছে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, মেয়েকে গাড়ি ঘুরিয়ে পার্ক করার অনুশীলন করাচ্ছিলেন ৬২ বছর বয়সী মোহাম্মদ আব্দুর রহিম। এ সময় হঠাৎ গাড়িটি তাকে ধাক্কা দিলে তিনি গাড়ির নিচে আটকে যান।
জরুরি বিভাগের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
দুর্ঘটনার পর আব্দুর রহিমের ১৮ বছর বয়সী মেয়ে ঘটনাস্থলেই ছিলেন এবং তদন্তকারীদের সঙ্গে সহযোগিতা করছেন। পুলিশ জানিয়েছে, এখন পর্যন্ত দুর্ঘটনার পেছনে মাদক বা অ্যালকোহলের কোনো সংশ্লিষ্টতার সন্দেহ পাওয়া যায়নি। ওয়ারেন পুলিশের ট্রাফিক ক্র্যাশ রিকনস্ট্রাকশন ইউনিট ঘটনাটি তদন্ত করছে।
পরিবার ও কমিউনিটি সূত্রে জানা গেছে, প্রায় সাত বছর আগে বড় মেয়ের মাধ্যমে যুক্তরাষ্ট্রে আসেন আব্দুর রহিম। তিনি দুই মেয়ে ও এক ছেলের বাবা ছিলেন। তার ছেলে বর্তমানে বাংলাদেশে রয়েছেন। ঢাকার ধানমন্ডিতে তাদের পারিবারিক বাড়ি রয়েছে বলে জানিয়েছে পরিবার।
আব্দুর রহিমের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর মিশিগানের বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। মেয়েকে গাড়ি চালানো শেখানোর যে মুহূর্তটি ছিল পারিবারিক জীবনের একটি স্বাভাবিক ঘটনা, সেটিই শেষ পর্যন্ত তার জীবনের শেষ মুহূর্ত হয়ে উঠল।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, মঙ্গলবার তার জানাজা ও দাফনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।