সরকার নির্ধারিত দামে গ্যাস সিলিন্ডার বিক্রি নিশ্চিত করতে রাজধানী ঢাকাসহ দেশের ১৬ জেলায় বিশেষ তদারকি অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে ৩৯টি প্রতিষ্ঠানকে মোট ৪ লাখ ২৬ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। শনিবার (৩ অক্টোবর) ডিলার, পাইকারি ও খুচরা পর্যায়ের গ্যাস সিলিন্ডার বিক্রেতা প্রতিষ্ঠানগুলোতে একযোগে এ অভিযান পরিচালনা করা হয়। […]
ছবি: সংগৃহীত
-সংগৃহীত
সরকার নির্ধারিত দামে গ্যাস সিলিন্ডার বিক্রি নিশ্চিত করতে রাজধানী ঢাকাসহ দেশের ১৬ জেলায় বিশেষ তদারকি অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে ৩৯টি প্রতিষ্ঠানকে মোট ৪ লাখ ২৬ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার (৩ অক্টোবর) ডিলার, পাইকারি ও খুচরা পর্যায়ের গ্যাস সিলিন্ডার বিক্রেতা প্রতিষ্ঠানগুলোতে একযোগে এ অভিযান পরিচালনা করা হয়। অধিদপ্তরের ২৩টি দল এতে অংশ নেয়। বাণিজ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখা, গ্যাস সিলিন্ডারের স্বাভাবিক সরবরাহ নিশ্চিত করা এবং সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সিলিন্ডার বিক্রি বন্ধ করতেই এ তদারকি কার্যক্রম চালানো হয়েছে।
অভিযানের সময় বিভিন্ন প্রতিষ্ঠানে মূল্যতালিকা যথাযথভাবে প্রদর্শন করা হচ্ছে কি না, ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণ ও ক্রেতাকে দেওয়া হচ্ছে কি না এবং গ্যাস সিলিন্ডারের নিরাপত্তা বিধি মানা হচ্ছে কি না, তা যাচাই করা হয়। পাশাপাশি মেয়াদোত্তীর্ণ সিলিন্ডার বিক্রি হচ্ছে কি না, সেটিও পরীক্ষা করা হয়।
এ সময় ব্যবসায়ীদের কৃত্রিম সংকট তৈরি, অযৌক্তিকভাবে সিলিন্ডার মজুত এবং সরবরাহে প্রতিবন্ধকতা সৃষ্টি না করার নির্দেশনা দেওয়া হয়। একই সঙ্গে দোকান বা ব্যবসাপ্রতিষ্ঠানের দৃশ্যমান স্থানে হালনাগাদ মূল্যতালিকা প্রদর্শন এবং সরকার নির্ধারিত দামে গ্যাস সিলিন্ডার বিক্রির বিষয়ে সতর্ক করা হয়েছে।
ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর গ্যাস সিলিন্ডার কেনার আগে ক্রেতাদের ওজন, সিল, মেয়াদ এবং দৃশ্যমান কোনো ত্রুটি আছে কি না, তা যাচাই করার পরামর্শ দিয়েছে। পণ্য কেনার সময় মূল্যতালিকা মিলিয়ে দেখা এবং অবশ্যই রশিদ বা ভাউচার সংগ্রহ করতে বলা হয়েছে।
গ্যাস সিলিন্ডার বিক্রিতে কোনো অনিয়ম বা অতিরিক্ত দাম নেওয়ার ঘটনা চোখে পড়লে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের হটলাইন ১৬১২১ নম্বরে অভিযোগ জানানোর আহ্বান জানানো হয়েছে।
বাজারে শৃঙ্খলা বজায় রাখা এবং ভোক্তাদের ন্যায্যমূল্যে গ্যাস সিলিন্ডার কেনার সুযোগ নিশ্চিত করতে এ ধরনের তদারকি ও অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে অধিদপ্তর।