সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

নারী ও শিশু
১২:৫৭ অপরাহ্ন, ২৪ নভেম্বর ২০২৬

২০২৫ সালে প্রতি ঘণ্টায় আপনজনের হাতে খুন হয়েছেন ৫ নারী, বলছে জাতিসংঘ

২০২৫ সালে বিশ্বজুড়ে ৪৭ হাজার নারী ও কন্যাশিশু তাঁদের ঘনিষ্ঠ সঙ্গী বা পরিবারের সদস্যের হাতে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। জাতিসংঘের মাদক ও অপরাধবিষয়ক সংস্থা (ইউএনওডিসি) এবং ইউএন উইমেনের প্রকাশিত নতুন প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। হিসাব অনুযায়ী, গড়ে প্রতি ঘণ্টায় পাঁচজন বা প্রতিদিন ১২৯ জন নারী ও কন্যাশিশু আপনজনের হাতে প্রাণ হারিয়েছেন। নারীর প্রতি সহিংসতা নির্মূল […]

২০২৫ সালে প্রতি ঘণ্টায় আপনজনের হাতে খুন হয়েছেন ৫ নারী, বলছে জাতিসংঘ

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
৩ মিনিটে পড়ুন |

২০২৫ সালে বিশ্বজুড়ে ৪৭ হাজার নারী ও কন্যাশিশু তাঁদের ঘনিষ্ঠ সঙ্গী বা পরিবারের সদস্যের হাতে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। জাতিসংঘের মাদক ও অপরাধবিষয়ক সংস্থা (ইউএনওডিসি) এবং ইউএন উইমেনের প্রকাশিত নতুন প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। হিসাব অনুযায়ী, গড়ে প্রতি ঘণ্টায় পাঁচজন বা প্রতিদিন ১২৯ জন নারী ও কন্যাশিশু আপনজনের হাতে প্রাণ হারিয়েছেন।

নারীর প্রতি সহিংসতা নির্মূল দিবস উপলক্ষে প্রকাশিত ‘২০২৬ ফেমিসাইড ব্রিফ’-এ বলা হয়েছে, নারী ও কন্যাশিশুদের জন্য এখনো সবচেয়ে অনিরাপদ স্থান তাঁদের নিজ ঘর। বছরের পর বছর ধরে এ পরিস্থিতিতে উল্লেখযোগ্য পরিবর্তন আসেনি। ২০২৫ সালে বিশ্বজুড়ে মোট ৭৮ হাজার নারী ও কন্যাশিশু হত্যাকাণ্ডের শিকার হন। তাঁদের মধ্যে ৬০ শতাংশকে হত্যা করেছেন ঘনিষ্ঠ সঙ্গী বা পরিবারের সদস্যরা।

প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বের কোনো অঞ্চলেই নারী ও কন্যাশিশুরা এ ধরনের হত্যাকাণ্ড থেকে পুরোপুরি নিরাপদ নন। ঘনিষ্ঠ সঙ্গী বা পরিবারের সদস্যের হাতে নারী হত্যার হারের দিক থেকে শীর্ষে রয়েছে আফ্রিকা। সেখানে প্রতি এক লাখ নারীর মধ্যে ২ দশমিক ৯ জন এ ধরনের হত্যাকাণ্ডের শিকার হন। এরপর রয়েছে আমেরিকা অঞ্চলে ১ দশমিক ৪ জন, ওশেনিয়ায় ১ দশমিক ১ জন, এশিয়ায় ০ দশমিক ৬ জন এবং ইউরোপে ০ দশমিক ৫ জন।

ইউএনওডিসির নির্বাহী পরিচালক মনিকা জুমা বলেন, দীর্ঘদিন ধরেই উদ্বেগজনক এই পরিসংখ্যান দেখা যাচ্ছে। ভীতিকর মনোভাব, সামাজিক রীতিনীতি এবং প্রাতিষ্ঠানিক সুরক্ষাব্যবস্থার ব্যর্থতা এমন পরিবেশ তৈরি করে, যেখানে স্ত্রী, কন্যা, মা বা বোনকে হত্যা করাও যেন সহনীয় হয়ে ওঠে। এ বাস্তবতা বদলাতে সমাজের সব স্তরে টেকসই পদক্ষেপ প্রয়োজন।

তিনি ক্ষতিকর মনোভাব ও আচরণ পরিবর্তনে প্রতিরোধমূলক কৌশল জোরদার করার পাশাপাশি পারিবারিক সহিংসতার অপরাধীদের মোকাবিলায় বিশেষায়িত কর্মসূচিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, নারী হত্যা খুব কম ক্ষেত্রেই বিচ্ছিন্ন কোনো ঘটনা। বরং অনেক সময় দীর্ঘদিনের সহিংসতা, হুমকি ও নির্যাতনের চূড়ান্ত পরিণতি হিসেবে এসব হত্যাকাণ্ড ঘটে, যা আগেভাগেই প্রতিরোধ করা সম্ভব ছিল। কিন্তু নানা বাধার কারণে শারীরিক বা যৌন সহিংসতার শিকার অধিকাংশ নারী পরিবার, সমাজ কিংবা কর্তৃপক্ষের কাছে সাহায্য চান না। ফলে অনেকেই সুরক্ষাহীন থেকে যান এবং অপরাধীদের অনেকেই বিচারের আওতায় আসেন না।

ইউএন উইমেনের নির্বাহী পরিচালক সিমা বাহুস বলেন, পরিস্থিতি প্রাণঘাতী হয়ে ওঠার আগেই নারীরা যাতে নিরাপদে সহিংসতার অভিযোগ জানাতে, সুরক্ষা পেতে এবং প্রয়োজনীয় সহায়তা নিতে পারেন, তা নিশ্চিত করতে হবে। সতর্কবার্তা উপেক্ষা করা হলে, যথাযথ তদন্ত না হলে এবং অপরাধীদের বিচারের আওতায় না আনলে তার পরিণতি প্রাণঘাতী হতে পারে।

বিশ্বজুড়ে সাধারণ হত্যাকাণ্ডের হার কমলেও নারী হত্যার হার কমার গতি তুলনামূলক ধীর। ২০১০ থেকে ২০২৫ সালের মধ্যে আমেরিকা অঞ্চলে সাধারণ হত্যাকাণ্ড কমার হার নারী হত্যার হার কমার তুলনায় প্রায় দ্বিগুণ ছিল। ইউরোপে এ ব্যবধান ছিল প্রায় দেড় গুণ।

আগামী ২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত ‘১৬ ডেইজ অব অ্যাক্টিভিজম’ কর্মসূচির মাধ্যমে ইউএন উইমেন ও ইউএনওডিসি সরকার, বেসরকারি খাত, জাতিসংঘ ব্যবস্থা, গণমাধ্যম, নারী সংগঠন এবং সহিংসতা থেকে বেঁচে ফেরা নারীদের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছে। এবারের প্রতিপাদ্য, ‘নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই: ন্যায়বিচার নিশ্চিত করি, নির্যাতিতদের সুরক্ষা দিই, দায়মুক্তির অবসান ঘটাই’।

প্রতিবেদনের নোটে বলা হয়েছে, ২০২৫ সালে পারিবারিক পরিমণ্ডলে ৪৭ হাজার নারী ও কন্যাশিশু নিহত হওয়ার সংখ্যাটি ২০২৪ সালের ৫০ হাজারের অনুমিত হিসাবের চেয়ে কম। তবে এর অর্থ মৃত্যুর হার কমেছে, এমন নয়। দেশভিত্তিক তথ্যের মানোন্নয়নের কারণে দুই বছরের হিসাবের মধ্যে এ পার্থক্য দেখা গেছে।

এদিকে, প্রতিদিনের এই প্রাণহানির চিত্র তুলে ধরতে নারীর প্রতি সহিংসতা নির্মূল দিবস উপলক্ষে নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে ১২৯টি কমলা পতাকার একটি স্থাপনা তৈরি করেছে ইউএন উইমেন। প্রতিটি পতাকা প্রতিদিন নিহত একজন নারী বা কন্যাশিশুর প্রতীক হিসেবে স্থাপন করা হয়েছে।

তথ্যসূত্র: ইউএন উইমেন

Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ