সংবেদনশীল তথ্য ব্যবহারে প্রতিষ্ঠানের নিয়ম ভঙ্গের অভিযোগে তিন গবেষককে বরখাস্ত করেছে চ্যাটজিপিটির নির্মাতা ওপেনএআই। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির নিরাপত্তা ও সম্ভাব্য ঝুঁকি নিয়ে বিতর্কের মধ্যেই এমন পদক্ষেপ নিল সান ফ্রান্সিসকোভিত্তিক প্রতিষ্ঠানটি। বৃহস্পতিবার ওপেনএআই এ তথ্য জানিয়েছে। তবে বরখাস্ত হওয়া তিন গবেষকের পরিচয় আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি প্রতিষ্ঠানটি। এএফপিকে দেওয়া এক বিবৃতিতে ওপেনএআই বলেছে, তিনজনের সঙ্গে তাদের […]
ছবি: সংগৃহীত
সংবেদনশীল তথ্য ব্যবহারে প্রতিষ্ঠানের নিয়ম ভঙ্গের অভিযোগে তিন গবেষককে বরখাস্ত করেছে চ্যাটজিপিটির নির্মাতা ওপেনএআই। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির নিরাপত্তা ও সম্ভাব্য ঝুঁকি নিয়ে বিতর্কের মধ্যেই এমন পদক্ষেপ নিল সান ফ্রান্সিসকোভিত্তিক প্রতিষ্ঠানটি।
বৃহস্পতিবার ওপেনএআই এ তথ্য জানিয়েছে। তবে বরখাস্ত হওয়া তিন গবেষকের পরিচয় আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি প্রতিষ্ঠানটি।
এএফপিকে দেওয়া এক বিবৃতিতে ওপেনএআই বলেছে, তিনজনের সঙ্গে তাদের সম্পর্ক ছিন্ন করা হয়েছে। প্রতিষ্ঠানের তদন্তে প্রমাণিত হয়েছে, তারা নির্ধারিত প্রক্রিয়ার বাইরে গিয়ে সংবেদনশীল তথ্যের অপব্যবহার করেছেন।
প্রতিষ্ঠানটির ভাষ্য, এ ঘটনায় তাদের নীতিমালা লঙ্ঘিত হয়েছে এবং আস্থার সংকট তৈরি হয়েছে। আর তাদের কাজের ক্ষেত্রে এই আস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তবে ওয়াল স্ট্রিট জার্নাল-এর প্রতিবেদনে বরখাস্ত হওয়া তিন গবেষক হিসেবে জেসমিন ওয়াং, তোমেক কোরবাক ও মিকিতা বালেসনির নাম উল্লেখ করা হয়েছে। এ বিষয়ে মন্তব্যের জন্য এএফপির পক্ষ থেকে যোগাযোগ করা হলেও তারা কোনো জবাব দেননি।
সাম্প্রতিক কয়েক সপ্তাহে তিনজনই সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এআইয়ের নিরাপত্তা ও সম্ভাব্য ঝুঁকি নিয়ে নিয়মিত মতামত প্রকাশ করছিলেন।
গত ১০ সেপ্টেম্বর এক পোস্টে মিকিতা বালেসনি লিখেছিলেন, তিনি ওপেনএআইয়ে কাজ করেন এবং তার মনে হয়, এআইয়ের কারণে সব মানুষের মৃত্যুর আশঙ্কা ১০ শতাংশের বেশি।
এআইয়ের সম্ভাব্য ঝুঁকি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অন্য কর্মীরাও। ওপেনএআইয়ের কর্মকাণ্ড নিয়ে প্রকাশ্যেই অসন্তোষ জানিয়েছিলেন তোমেক কোরবাক। গত ১১ সেপ্টেম্বর এক পোস্টে তিনি লিখেছিলেন, ওপেনএআই যা করছে তার অনেক কিছুতেই তিনি বেশ অসন্তুষ্ট। তবে এসব কথা বলার সুযোগ পাওয়ায় তিনি খুশি বলেও উল্লেখ করেন।
ওপেনএআইয়ের তিন গবেষককে বরখাস্তের ঘটনা এমন সময়ে সামনে এলো, যখন শক্তিশালী এআই মডেলের নিরাপত্তা এবং এসব প্রযুক্তি মানবজাতির জন্য অস্তিত্বের সংকট তৈরি করতে পারে কি না, তা নিয়ে বিতর্ক আরও তীব্র হয়েছে।
গত মাসে ২৭ বছর বয়সি গবেষক জ্যাকব কক্সন এআই প্রতিষ্ঠান অ্যানথ্রপিক থেকে পদত্যাগ করেন। পদত্যাগের সময় তিনি সতর্ক করে বলেছিলেন, ওপেনএআইসহ শীর্ষ এআই প্রতিষ্ঠানগুলো আরও শক্তিশালী মডেল তৈরির প্রতিযোগিতায় নেমে ‘আমাদের জীবন নিয়ে জুয়া খেলছে’।
এদিকে সাম্প্রতিক মাসগুলোয় এআই মডেলের নিরাপত্তা নিয়ে একাধিক ঘটনাও সামনে এসেছে। ওপেনএআই তাদের নতুন ‘অ্যাস্ট্রা ৬.১’ মডেল প্রকাশের সিদ্ধান্ত বাতিল করেছে।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, পরীক্ষায় মডেলটি বিশ্বস্ত নয় বলে দেখা গেছে। পাশাপাশি এতে নির্দেশনা অমান্য করার প্রবণতাও শনাক্ত হয়েছে।