কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ভবিষ্যতে মানবজাতির অস্তিত্বের জন্য হুমকি হয়ে উঠতে পারে—এমন আশঙ্কা করছেন যুক্তরাষ্ট্রের প্রায় ৭৩ শতাংশ নাগরিক। কুইনিপিয়াক ইউনিভার্সিটির এক সাম্প্রতিক জরিপে এ তথ্য উঠে এসেছে। জরিপে অংশ নেওয়া ৭৩ শতাংশ মার্কিন প্রাপ্তবয়স্ক জানিয়েছেন, এআইয়ের সম্ভাব্য ঝুঁকি নিয়ে তারা উদ্বিগ্ন। তাদের মধ্যে ৩৮ শতাংশ এ বিষয়ে ‘অত্যন্ত উদ্বিগ্ন’ এবং ৩৫ শতাংশ ‘কিছুটা […]
ছবি: সংগৃহীত
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ভবিষ্যতে মানবজাতির অস্তিত্বের জন্য হুমকি হয়ে উঠতে পারে—এমন আশঙ্কা করছেন যুক্তরাষ্ট্রের প্রায় ৭৩ শতাংশ নাগরিক। কুইনিপিয়াক ইউনিভার্সিটির এক সাম্প্রতিক জরিপে এ তথ্য উঠে এসেছে।
জরিপে অংশ নেওয়া ৭৩ শতাংশ মার্কিন প্রাপ্তবয়স্ক জানিয়েছেন, এআইয়ের সম্ভাব্য ঝুঁকি নিয়ে তারা উদ্বিগ্ন। তাদের মধ্যে ৩৮ শতাংশ এ বিষয়ে ‘অত্যন্ত উদ্বিগ্ন’ এবং ৩৫ শতাংশ ‘কিছুটা উদ্বিগ্ন’ বলে মত দিয়েছেন। অন্যদিকে, ২৫ শতাংশ জানিয়েছেন, এআইয়ের সম্ভাব্য হুমকি নিয়ে তারা উদ্বিগ্ন নন।
এআই প্রযুক্তিকে নিয়ন্ত্রণের বিষয়েও জরিপে ব্যাপক সমর্থন পাওয়া গেছে। ৮৬ শতাংশ উত্তরদাতা মনে করেন, এআই কোম্পানিগুলোকে স্বাধীন নিরাপত্তা মানদণ্ড পূরণে বাধ্য করা উচিত। এমনকি এর কারণে এআই প্রযুক্তির উন্নয়ন কিছুটা ধীর হলেও এই নিয়ম থাকা দরকার বলে মনে করেন তারা।
এআই কোম্পানিগুলোর শীর্ষ কর্মকর্তাদের প্রতিও মানুষের আস্থার ঘাটতি দেখা গেছে। জরিপে অংশ নেওয়া ৭৪ শতাংশ মানুষ জানিয়েছেন, এসব প্রতিষ্ঠানের নেতাদের প্রতি তাদের ‘সামান্য বা কোনো আস্থা নেই’।
এদিকে, এআই মানুষের দৈনন্দিন জীবনে উপকারের তুলনায় ক্ষতিই বেশি করবে বলে মনে করেন ৫৩ শতাংশ মার্কিনি।
গত ২৪ থেকে ২৭ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রজুড়ে এই জরিপ পরিচালনা করে কুইনিপিয়াক ইউনিভার্সিটি। এতে ১ হাজার ২০২ জন প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিক অংশ নেন। জরিপের ফলাফলে সম্ভাব্য ভুলের সীমা রয়েছে প্লাস বা মাইনাস ৩ দশমিক ৫ শতাংশ পয়েন্ট।
সূত্র: আনাদোলু