যুক্তরাষ্ট্রের ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির সম্ভাব্য উত্তরসূরি নিয়ে নতুন করে আলোচনা উসকে দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর চেয়েও তাঁর নতুন চিফ অব স্টাফ স্টিফেন মিলার ভালো প্রেসিডেন্ট প্রার্থী হতে পারেন বলে ইঙ্গিত দিয়েছেন তিনি। শুক্রবার (২০ নভেম্বর) এশিয়া সফর শেষে হোয়াইট হাউসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে […]
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির সম্ভাব্য উত্তরসূরি নিয়ে নতুন করে আলোচনা উসকে দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর চেয়েও তাঁর নতুন চিফ অব স্টাফ স্টিফেন মিলার ভালো প্রেসিডেন্ট প্রার্থী হতে পারেন বলে ইঙ্গিত দিয়েছেন তিনি।
শুক্রবার (২০ নভেম্বর) এশিয়া সফর শেষে হোয়াইট হাউসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন ট্রাম্প। প্রায় ৯০ মিনিটের ওই সংবাদ সম্মেলনে মিলারের প্রশাসনিক ভূমিকা নিয়ে কথা বলার একপর্যায়ে পেছনে দাঁড়িয়ে থাকা ভ্যান্স ও রুবিওর দিকে তাকান তিনি।
সাংবাদিকদের উদ্দেশে ট্রাম্প বলেন, ‘আমাদের কাছে ব্রেকিং নিউজ আছে।’ এরপর ভ্যান্স ও রুবিওকে ইঙ্গিত করে বলেন, ‘এই দুজনের চেয়ে তিনি ভালো।’ পরে মিলারকে সরাসরি প্রশ্ন করেন, ‘আপনি কি প্রেসিডেন্ট পদে নির্বাচন করতে চান?’
সুজি ওয়াইলসের বিদায়ের পর হোয়াইট হাউসের চিফ অব স্টাফ হিসেবে দায়িত্ব পাওয়া স্টিফেন মিলার ট্রাম্পের কঠোর অভিবাসন নীতি প্রণয়নের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে পরিচিত। বিশেষ করে অভিবাসীদের নির্বাসনসংক্রান্ত নীতিতে তাঁর ভূমিকা রয়েছে।
সংবাদ সম্মেলনে মিলারের ব্যক্তিত্ব নিয়ে সমালোচনার জবাবও দেন ট্রাম্প। তাঁর মতে, জনসমক্ষে মিলারের যে ভাবমূর্তি রয়েছে, তা তাঁর প্রকৃত চরিত্রের প্রতিফলন নয়। ট্রাম্প বলেন, ‘তিনি সত্যিই একজন প্রতিভা এবং তাঁর হৃদয় অনেক বড়।’ এমনকি মিলারকে ‘বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি’ বলেও অভিহিত করেন তিনি।
ভ্যান্স-রুবিওর উত্তরসূরি হওয়ার জল্পনা
২০২৮ সালের নির্বাচনে ট্রাম্পের উত্তরসূরি কে হতে পারেন, তা নিয়ে রিপাবলিকান পার্টির অভ্যন্তরে আলোচনা চলার মধ্যেই তাঁর এই মন্তব্য সামনে এল।
ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে এত দিন সম্ভাব্য প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে বিবেচনা করা হচ্ছিল। তবে মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পরাজয়ের পর ট্রাম্পের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
এক্সে দেওয়া দীর্ঘ পোস্টে ভ্যান্স নির্বাচনী বিপর্যয়ের জন্য ইরান যুদ্ধকে দায়ী করেছিলেন। তাঁর এই অবস্থান ট্রাম্পকে ক্ষুব্ধ করেছিল বলে জানা গেছে। পরবর্তী সময়ে ট্রাম্প ভ্যান্সকে ডেমোক্র্যাটশাসিত অঙ্গরাজ্যগুলোর কথিত দুর্নীতির বিষয়ে মনোযোগ দেওয়ার নির্দেশ দেন।
অন্যদিকে, রিপাবলিকান পার্টির প্রভাবশালী দাতা ও নেতারা মার্কো রুবিওকে প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করার বিষয়টি বিবেচনা করতে উৎসাহিত করছেন। ট্রাম্পও বিভিন্ন সময়ে তাঁর পররাষ্ট্রমন্ত্রীর প্রশংসা করেছেন।
সম্প্রতি আসিয়ান নেতাদের উদ্দেশে বক্তব্য দেওয়ার সময় রুবিওর প্রশংসা করে ট্রাম্প বলেন, ‘মার্কো কতটা আকর্ষণীয়, তাই না?’ এরপর তিনি আরও বলেন, ‘মার্কো কি দারুণ কাজ করছেন? তিনি অসাধারণ।’
ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যে ২০২৮ সালের রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী নিয়ে আলোচনায় নতুন মাত্রা যোগ হয়েছে। তবে স্টিফেন মিলার নিজে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার কোনো ঘোষণা দিয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।
তথ্যসূত্র: উইয়ন নিউজ