সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

উত্তর আমেরিকা
৫:০৯ অপরাহ্ন, ২১ নভেম্বর ২০২৬

যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগ ও এফবিআইয়ে সাইবার হামলা, বাড়ছে নিরাপত্তা উদ্বেগ

যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগ ও দেশটির কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআইয়ের বিভিন্ন ব্যবস্থায় সাইবার হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার মার্কিন সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানিয়েছে। গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠানে সাম্প্রতিক সময়ে একের পর এক প্রযুক্তিগত বিপর্যয়ের মধ্যে নতুন এ হামলার খবর দেশটির সাইবার নিরাপত্তা নিয়ে উদ্বেগ আরও বাড়িয়েছে। এনবিসি নিউজ ও সিএনএন পৃথক প্রতিবেদনে প্রথম হামলার ঘটনাগুলো প্রকাশ করে। তবে […]

যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগ ও এফবিআইয়ে সাইবার হামলা, বাড়ছে নিরাপত্তা উদ্বেগ
নিজস্ব প্রতিবেদক
৩ মিনিটে পড়ুন |

যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগ ও দেশটির কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআইয়ের বিভিন্ন ব্যবস্থায় সাইবার হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার মার্কিন সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানিয়েছে। গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠানে সাম্প্রতিক সময়ে একের পর এক প্রযুক্তিগত বিপর্যয়ের মধ্যে নতুন এ হামলার খবর দেশটির সাইবার নিরাপত্তা নিয়ে উদ্বেগ আরও বাড়িয়েছে।

এনবিসি নিউজ ও সিএনএন পৃথক প্রতিবেদনে প্রথম হামলার ঘটনাগুলো প্রকাশ করে। তবে দুটি ঘটনার মধ্যে কোনো যোগসূত্র রয়েছে কি না কিংবা কারা এসব হামলার জন্য দায়ী, তা এখনো স্পষ্ট নয়। ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

গত কয়েক সপ্তাহে যুক্তরাষ্ট্রে একাধিক বড় প্রযুক্তিগত বিপর্যয়ে বিমান চলাচল, যোগাযোগ ও অনলাইন বাণিজ্য কার্যক্রম ব্যাহত হয়েছে। এতে দেশজুড়ে অসংখ্য মানুষ ভোগান্তিতে পড়েছেন। এমনকি জাতীয় নিরাপত্তা সংস্থার (এনএসএ) অত্যন্ত গোপনীয় একটি নেটওয়ার্কও এসব বিপর্যয়ের কবলে পড়েছিল।

পরিস্থিতি নিয়ে জনমনে উদ্বেগ কমানোর চেষ্টা করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি সবাইকে ‘শান্ত থাকতে’ বলেছেন। অন্যদিকে, মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, সাম্প্রতিক প্রযুক্তিগত বিপর্যয়গুলোর সঙ্গে অপরাধমূলক কর্মকাণ্ডের কোনো যোগসূত্র নেই।

এনবিসি নিউজ শুক্রবার সাবেক কৃষি বিভাগের দুই কর্মকর্তার বরাত দিয়ে জানায়, কৃষকদের অর্থ পরিশোধের কাজে ব্যবহৃত একটি ব্যবস্থায় সাইবার হামলার লক্ষ্যবস্তু করা হয়েছে বলে কর্মীদের জানিয়েছে যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগ (ইউএসডিএ)।

সাবেক কর্মকর্তাদের আশঙ্কা, হ্যাকাররা ওই অর্থ পরিশোধ ব্যবস্থাকে গোপন প্রবেশপথ হিসেবে ব্যবহার করে আরও স্পর্শকাতর তথ্য হাতিয়ে নিতে পারে। তাঁদের একজন বলেন, কৃষি বিভাগ বেশ কিছু উদ্বেগজনক জৈবিক বিষয় নিয়ে কাজ করে। কোনো প্রতিপক্ষ বা প্রতিযোগী এসব তথ্যের নাগাল পেলে গবেষণার ফলাফলকে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধেই ব্যবহার করতে পারে।

অন্যদিকে, সিএনএন শুক্রবার পৃথক প্রতিবেদনে জানায়, গত সেপ্টেম্বরের পর দ্বিতীয়বারের মতো হ্যাকারদের হামলার শিকার হয়েছে এফবিআই। তদন্ত সম্পর্কে অবহিত দুই ব্যক্তির বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানায়, সংস্থাটি জাতীয় অপরাধ তথ্যকেন্দ্রে (এনসিআইসি) অনুপ্রবেশের ঘটনা তদন্ত করছে।

এনসিআইসিতে যুক্তরাষ্ট্রজুড়ে অপরাধসংক্রান্ত তথ্যের একটি বিশাল ডেটাবেস রয়েছে। কেন্দ্রীয়, অঙ্গরাজ্য ও স্থানীয় পর্যায়ের আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলো এ ব্যবস্থার সঙ্গে যুক্ত। গ্রেপ্তারি পরোয়ানা যাচাই এবং ব্যক্তির অপরাধসংক্রান্ত অতীত তথ্য খুঁজে দেখার কাজে এর তথ্য ব্যবহার করা হয়।

এফবিআইয়ের এক সাবেক কর্মকর্তা সিএনএনকে বলেন, দেশজুড়ে প্রতিদিন পুলিশ কর্মকর্তারা পলাতক আসামিদের শনাক্ত করা, গ্রেপ্তারি পরোয়ানা যাচাই এবং পুলিশ ও জননিরাপত্তার সঙ্গে সরাসরি সম্পর্কিত তথ্য পেতে এনসিআইসির ওপর নির্ভর করেন। তাঁর আশঙ্কা, হ্যাকারদের অনুপ্রবেশের ফলে পুলিশ কর্মকর্তাদের ব্যবহৃত তথ্যের নির্ভরযোগ্যতা নিয়ে প্রশ্ন তৈরি হতে পারে।

কৃষি বিভাগ ও এফবিআইয়ের নতুন ঘটনাগুলোকে সরাসরি হ্যাকিং হিসেবে বর্ণনা করা হয়েছে। মাইক্রোসফট আউটলুক ও ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের (এফএএ) সাম্প্রতিক প্রযুক্তিগত বিপর্যয়ের ঘটনা থেকে এগুলো আলাদা।

এর আগে গত সেপ্টেম্বরে ‘শাইনি হান্টার্স’ নামের একটি হ্যাকার গোষ্ঠী এফবিআইয়ের চাকরিসংক্রান্ত ওয়েবসাইট থেকে কর্মীদের স্পর্শকাতর ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেওয়ার চেষ্টা করেছিল।

এদিকে, একের পর এক বড় প্রযুক্তিগত বিপর্যয়ের ঘটনায় সমালোচনা বাড়তে থাকায় চলতি সপ্তাহে হোয়াইট হাউসের সাইবার নিরাপত্তা প্রধান শন কেইনক্রসকে বরখাস্ত করা হয়।

তথ্যসূত্র: এনবিসি নিউজ, সিএনএন ও বার্তা সংস্থা এএফপি

Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ