ইতালির পার্লামেন্টে পাস হয়েছে আলোচিত শিক্ষা সংস্কার আইন। নতুন এই আইনের মাধ্যমে দেশটির স্কুলগুলোতে শিক্ষার্থীদের বোরকা ও নিকাবের মতো মুখ ঢেকে রাখা পোশাক পরা নিষিদ্ধ করা হয়েছে। একই সঙ্গে প্রথম বর্ষের শ্রেণিগুলোতে বিদেশি বংশোদ্ভূত শিক্ষার্থীর সংখ্যা সর্বোচ্চ ৩০ শতাংশে সীমিত রাখার বিধানও যুক্ত করা হয়েছে। নতুন আইন অনুযায়ী, স্কুল চলাকালে শিক্ষার্থীরা বোরকা ও নিকাবের মতো […]
ইতালির পার্লামেন্টে পাস হয়েছে আলোচিত শিক্ষা সংস্কার আইন। নতুন এই আইনের মাধ্যমে দেশটির স্কুলগুলোতে শিক্ষার্থীদের বোরকা ও নিকাবের মতো মুখ ঢেকে রাখা পোশাক পরা নিষিদ্ধ করা হয়েছে। একই সঙ্গে প্রথম বর্ষের শ্রেণিগুলোতে বিদেশি বংশোদ্ভূত শিক্ষার্থীর সংখ্যা সর্বোচ্চ ৩০ শতাংশে সীমিত রাখার বিধানও যুক্ত করা হয়েছে।
নতুন আইন অনুযায়ী, স্কুল চলাকালে শিক্ষার্থীরা বোরকা ও নিকাবের মতো মুখ ঢেকে রাখা পোশাক পরতে পারবে না। এই বিধান অমান্য করলে সর্বোচ্চ ১ হাজার ইউরো (প্রায় ১ হাজার ১০০ মার্কিন ডলার) জরিমানা হতে পারে। শিক্ষার্থী অপ্রাপ্তবয়স্ক হলে তার বাবা-মা বা আইনগত অভিভাবককে জরিমানার জন্য দায়ী করা হবে।
গত ২৬ নভেম্বর ইতালির পার্লামেন্টের নিম্নকক্ষ চেম্বার অব ডেপুটিজে আইনটি পাস হয়। ভোটাভুটিতে এর পক্ষে ১৪২ জন এবং বিপক্ষে ১১২ জন সংসদ সদস্য ভোট দেন। চারজন ভোটদানে বিরত ছিলেন। এর আগে ২০ নভেম্বর পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটে আইনটি অনুমোদিত হয়েছিল। ফলে দুই কক্ষের অনুমোদনের মধ্য দিয়ে আইনটি পার্লামেন্টে পাসের প্রক্রিয়া সম্পন্ন হয়।
আইনটি পাসের পর প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির দপ্তর এক বিবৃতিতে জানায়, বৃহত্তর শিক্ষা সংস্কারের অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এর লক্ষ্য ২০২৬-২৭ শিক্ষাবর্ষের কার্যক্রম যথাসময়ে শুরু করা, ন্যাশনাল রিকভারি অ্যান্ড রেজিলিয়েন্স প্ল্যানের (পিএনআরআর) আওতায় বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়ন এবং বিদেশি শিক্ষার্থীদের ইতালির শিক্ষাব্যবস্থার মূলধারায় যুক্ত হতে সহায়তা করা।
নতুন আইনে প্রথম বর্ষের শ্রেণিগুলোতে বিদেশি শিক্ষার্থীর উপস্থিতি সর্বোচ্চ ৩০ শতাংশ নির্ধারণ করা হয়েছে। তবে যেসব শিক্ষার্থী ইতালীয় ভাষায় পর্যাপ্ত দক্ষতা অর্জন করেছে, তাদের ক্ষেত্রে এই সীমা প্রযোজ্য হবে না। এ ছাড়া বিদেশি শিক্ষার্থীদের অভিভাবকদের জন্য ইতালীয় ভাষা শেখার কোর্স চালুর ব্যবস্থাও রাখা হয়েছে।
গত ২১ সেপ্টেম্বর মিলানে এক জনসভায় শিক্ষা সংস্কারের পরিকল্পনা ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। সে সময় স্কুলে মুসলিম ছাত্রীদের বোরকা ও নিকাব পরার প্রসঙ্গ তুলে তিনি বলেছিলেন, শিক্ষার্থীদের অবশ্যই মুখ খোলা রেখে স্কুলে আসতে হবে। ইতালিতে এমন কোনো সংস্কৃতিকে উৎসাহ দেওয়া হয় না, যা কিশোরী বা তরুণীদের মুখ ঢেকে চলতে উৎসাহিত করে।
বিদেশি শিক্ষার্থীদের সংখ্যা সীমিত করার পক্ষে যুক্তি তুলে ধরে মেলোনি বলেছিলেন, স্কুলগুলোতে বিদেশি শিক্ষার্থী ভর্তির একটি সর্বোচ্চ সীমা নির্ধারণের প্রস্তাব মন্ত্রিসভায় আনা হবে। একই সঙ্গে ইতালির শিক্ষাব্যবস্থার সঙ্গে মানিয়ে নিতে সমস্যায় পড়া বিদেশি শিক্ষার্থীদের অভিভাবকদের ইতালীয় ভাষা শেখা বাধ্যতামূলক করার পরিকল্পনার কথাও জানিয়েছিলেন তিনি।
এরপর ২৫ সেপ্টেম্বর এ বিষয়ে একটি অধ্যাদেশ জারি করে মেলোনির নেতৃত্বাধীন মন্ত্রিসভা। প্রায় দুই মাস পর পার্লামেন্টে শিক্ষা সংস্কার আইনটি পাস হলো।
তবে আইনটি নিয়ে ইতালির বিরোধী দলগুলোর সমালোচনা রয়েছে। তাদের অভিযোগ, নতুন এই আইন দেশটির শিক্ষাব্যবস্থার প্রকৃত চ্যালেঞ্জগুলো মোকাবিলায় ব্যর্থ হবে। বরং এমন কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে, যা শিক্ষার্থীদের মধ্যে বিভাজন সৃষ্টি করতে পারে।
তথ্যসূত্র: এএফপি, ইন্ডিয়া টুডে