চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের জন্য ৪ লাখ ২ হাজার ৫১ জন পরীক্ষার্থী আবেদন করেছেন। এসব আবেদনের মাধ্যমে ১০ লাখ ৫৬ হাজার ৪৫৫টি তত্ত্বীয় উত্তরপত্র পুনর্নিরীক্ষণের অনুরোধ করা হয়েছে। ব্যবহারিকসহ মোট ১২ লাখ ৮৭ হাজার ৯২৬টি উত্তরপত্র যাচাই করা হবে। মঙ্গলবার (১৮ আগস্ট) সন্ধ্যায় এ তথ্য জানিয়েছেন ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা […]
ছবি: সংগৃহীত
চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের জন্য ৪ লাখ ২ হাজার ৫১ জন পরীক্ষার্থী আবেদন করেছেন। এসব আবেদনের মাধ্যমে ১০ লাখ ৫৬ হাজার ৪৫৫টি তত্ত্বীয় উত্তরপত্র পুনর্নিরীক্ষণের অনুরোধ করা হয়েছে। ব্যবহারিকসহ মোট ১২ লাখ ৮৭ হাজার ৯২৬টি উত্তরপত্র যাচাই করা হবে।
মঙ্গলবার (১৮ আগস্ট) সন্ধ্যায় এ তথ্য জানিয়েছেন ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের সচিব এস এম কামাল উদ্দিন হায়দার।
তিনি জানান, পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করা তত্ত্বীয় উত্তরপত্রগুলোর মধ্যে ২ লাখ ৩১ হাজার ৪৭১টির সঙ্গে ব্যবহারিক অংশ রয়েছে। ফলে তত্ত্বীয় ও ব্যবহারিক মিলিয়ে মোট ১২ লাখ ৮৭ হাজার ৯২৬টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণ করা হবে।
তবে পুনর্নিরীক্ষণের ফলাফল কবে প্রকাশ করা হবে, সে বিষয়ে এখনো কোনো তারিখ নির্ধারণ করা হয়নি বলে জানান বোর্ড সচিব।
গত ১০ আগস্ট এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। ফল প্রকাশের পরদিন ১১ আগস্ট থেকে পুনর্নিরীক্ষণের আবেদন গ্রহণ শুরু হয়। সোমবার (১৭ আগস্ট) ছিল আবেদনের শেষ দিন।
এবার এসএসসি ও সমমান পরীক্ষায় গড় পাসের হার দাঁড়িয়েছে ৬২ দশমিক ২৫ শতাংশ। গত ১৯ বছরের মধ্যে এটিই সর্বনিম্ন পাসের হার। এ বছর মোট ৬ লাখ ৯০ হাজার ৬০৮ জন পরীক্ষার্থী অকৃতকার্য হয়েছেন।
শিক্ষা মন্ত্রণালয়ের আইইআইএমএস প্রকল্পের আওতায় তৈরি ওয়েবসাইটের মাধ্যমে পুনর্নিরীক্ষণের আবেদন নেওয়া হয়েছে। প্রতিটি উত্তরপত্রের জন্য পরীক্ষার্থীদের ১৫০ টাকা করে ফি দিতে হয়েছে।
বোর্ডভিত্তিক হিসাবে এবার সবচেয়ে বেশি আবেদন পড়েছে ঢাকা শিক্ষা বোর্ডে। এ বোর্ডের ৯৪ হাজার ২৩৬ জন পরীক্ষার্থী ২ লাখ ৭৭ হাজার ৬৬৫টি উত্তরপত্রের ফল পুনর্নিরীক্ষণের আবেদন করেছেন।
কুমিল্লা শিক্ষা বোর্ডে ৩৫ হাজার ৯২৯ জন পরীক্ষার্থী ৯১ হাজার ৪৯৪টি, রাজশাহীতে ৩৯ হাজার ৭৬২ জন ৯৮ হাজার ৭১০টি, যশোরে ২৮ হাজার ৮৬২ জন ৭৪ হাজার ৭১৭টি এবং চট্টগ্রামে ৩৯ হাজার ৭৯৮ জন পরীক্ষার্থী ১ লাখ ১৪ হাজার ৭০৬টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন করেছেন।
বরিশাল শিক্ষা বোর্ডে ১৭ হাজার ২৮৩ জন পরীক্ষার্থী ৫০ হাজার ২৯৩টি, সিলেটে ২০ হাজার ৭৮২ জন ৫০ হাজার ৭১০টি এবং দিনাজপুরে ৩৭ হাজার ২৯৬ জন ৮৯ হাজার ২৮৬টি উত্তরপত্রের ফল পুনর্নিরীক্ষণের আবেদন করেছেন।
এ ছাড়া মাদ্রাসা শিক্ষা বোর্ডে ২০ হাজার ৩০৭ জন দাখিল পরীক্ষার্থী ৩৪ হাজার ৩০৫টি উত্তরপত্র এবং কারিগরি শিক্ষা বোর্ডের এসএসসি ও দাখিল ভোকেশনাল পরীক্ষায় ২৭ হাজার ৬৭৬ জন পরীক্ষার্থী ৭১ হাজার ৬৬টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন করেছেন।
পুনর্নিরীক্ষণের মাধ্যমে এসব উত্তরপত্রের ফল আবার যাচাই করা হবে। তবে এর ফল প্রকাশের নির্দিষ্ট সময়সূচি এখনো জানায়নি সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলো।