আওয়ামী লীগকে আর বাংলাদেশের মাটিতে রাজনীতি করতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, গত ১৭ বছরে গুম, গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের সঙ্গে যারা জড়িত, তাদের বিচার নিশ্চিত করা হবে। শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর ধোলাইখালের পাশে সাদেক হোসেন খোকা মাঠে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। স্বরাষ্ট্র […]
ছবি: সংগৃহীত
আওয়ামী লীগকে আর বাংলাদেশের মাটিতে রাজনীতি করতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, গত ১৭ বছরে গুম, গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের সঙ্গে যারা জড়িত, তাদের বিচার নিশ্চিত করা হবে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর ধোলাইখালের পাশে সাদেক হোসেন খোকা মাঠে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সালাহউদ্দিন আহমদ বলেন, গণ-অভ্যুত্থানের পর দেশে ফ্যাসিবাদ ও স্বৈরাচারের কোনো জায়গা নেই। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে গণহত্যার সঙ্গে জড়িতদের বিচার করা হবে। প্রয়োজনে ট্রাইব্যুনালের সংখ্যা বাড়ানো হবে বলেও জানান তিনি।
ভারতে অবস্থানরত শেখ হাসিনা ও আওয়ামী লীগের নেতাদের প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শেখ হাসিনা মানবতাবিরোধী অপরাধে সাজাপ্রাপ্ত এবং মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। সরকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারত-বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী তাকে দেশে ফেরত চেয়েছে।
তিনি বলেন, সরকারও চায় শেখ হাসিনা দেশে ফিরে বিচারের মুখোমুখি হন। যেসব দেশে সাজাপ্রাপ্ত আসামিরা অবস্থান করছেন, সেসব দেশের সরকারের প্রতি তাদের ফেরত দেওয়ার আহ্বান জানান তিনি।
সমাবেশে রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তনের আহ্বান জানিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, ব্যক্তিকেন্দ্রিক স্লোগানের পরিবর্তে রাজনৈতিক আদর্শ ও গণতান্ত্রিক আন্দোলনকে গুরুত্ব দেওয়া উচিত।
সরকারের কার্যক্রম নিয়ে তিনি বলেন, রাজনৈতিক শৃঙ্খলা, সাংবিধানিক সংস্কার ও গণতন্ত্র সুসংহত করার কাজ চলছে। এর মধ্যে সরকার পতনের কর্মসূচি এবং লংমার্চের মতো কর্মসূচির ঘোষণা বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলেও মন্তব্য করেন তিনি।
জ্বালানি তেলের দাম প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রাখতে সীমিত পরিমাণে দাম সমন্বয় করা হয়েছে। আন্তর্জাতিক বাজারে দাম কমলে বাংলাদেশেও আনুপাতিক হারে জ্বালানি তেলের দাম কমানো হবে বলে আশ্বাস দেন তিনি।
দেশবাসীকে গণতান্ত্রিক প্রক্রিয়া সুসংহত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী।