রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সালেহ্ হাসান নকীব সোমবার এক সেমিনারে বলেছেন, বর্তমান বাংলাদেশে ৩২ বছর বয়সী হাদির মতো দেশের মানুষের ভালোবাসায় পরিপূর্ণ এমন কেউ নেই। তিনি মনে করেন, বাংলাদেশের ইতিহাসে হাদির মতো ব্যক্তি খুব কমই দেখা গেছে, যিনি দেশের সকল স্তরের মানুষের হৃদয়ে স্থান করে নিতে পেরেছেন। উপাচার্য এও বলেন, সত্য ও ন্যায় প্রতিষ্ঠা […]
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সালেহ্ হাসান নকীব সোমবার এক সেমিনারে বলেছেন, বর্তমান বাংলাদেশে ৩২ বছর বয়সী হাদির মতো দেশের মানুষের ভালোবাসায় পরিপূর্ণ এমন কেউ নেই। তিনি মনে করেন, বাংলাদেশের ইতিহাসে হাদির মতো ব্যক্তি খুব কমই দেখা গেছে, যিনি দেশের সকল স্তরের মানুষের হৃদয়ে স্থান করে নিতে পেরেছেন।
উপাচার্য এও বলেন, সত্য ও ন্যায় প্রতিষ্ঠা করতে হলে কখনো কখনো নিজেকেই প্রতিপক্ষ হিসেবে দেখতে হয়। ন্যায় বা ইনসাফ মানে শুধু নিজের বন্ধু বা পরিচিতদের জন্য কাজ করা নয়, বরং প্রতিটি মানুষের অধিকার রক্ষা করা। তবে এমন কাজ করতে গেলে ব্যক্তিগত ক্ষতির ঝুঁকি অবশ্যই থাকে।
তিনি হিংসা ও বিদ্বেষকে অগ্রগতির অন্তরায় হিসেবে আখ্যায়িত করে বলেন, “যারা হাদির অনুসারী বলে দাবি করে, তাদের মধ্যে অনেকেই প্রকৃত ন্যায়ের চেতনা ধারণ করেনি। তারা থাকে দখলদারিত্ব বা স্বার্থবোধের মধ্যে।” উপাচার্য আরও বলেন, হাদির কিছু গুণাবলি যদি বর্তমান তরুণ প্রজন্মের মধ্যে জন্মায়, তবে তা দেশের জন্য বিরাট সম্পদ হবে।
উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক মো. রফিকুল ইসলাম। তিনি বলেন, হাদি ছিলেন জুলাই গণঅভ্যুত্থানের একজন গুরুত্বপূর্ণ নেতৃত্ব। দলগত স্বার্থের বাইরে তিনি একটি ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার স্বপ্ন দেখেছিলেন। তার চিন্তাভাবনা এবং দেশপ্রেম ছিল অতি প্রগাঢ়। অল্প বয়সেই তিনি দেশের ভবিষ্যৎ নিয়ে গভীর উপলব্ধি অর্জন করেছিলেন।
সেমিনারের সভাপতিত্ব করেন রাকসু’র সহ-সভাপতি মোস্তাকুর রহমান জাহিদ। তিনি বলেন, যারা দেশকে ভারতীয় আধিপত্যের আওতায় নিয়ে যেতে চায়, তাদের মোকাবিলা করতে নতুন প্রজন্মকে হাদির চেতনা অনুযায়ী দাঁড়াতে হবে।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক মো. আখতার হোসেন মজুমদার এবং ছাত্র-উপদেষ্টা অধ্যাপক ড. মো. আমিরুল ইসলাম কনক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।