ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সামরিক অভিযানের পর মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে সহিংসতা ছড়িয়ে পড়েছে। এতে এখন পর্যন্ত মোট প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ৬০০ জনে। সবচেয়ে বেশি নিহত হয়েছেন ইরানে—সংখ্যা ৫৫৫ জন। ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটির বরাতে জানা গেছে, দেশটির বিভিন্ন অঞ্চলে চালানো হামলায় প্রাণহানি দ্রুত বাড়ছে। রাজধানী তেহরানের নিলুফার স্কয়ার এলাকায় ইসরাইলি হামলায় অন্তত ২০ জন […]
ছবি: সংগৃহীত
ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সামরিক অভিযানের পর মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে সহিংসতা ছড়িয়ে পড়েছে। এতে এখন পর্যন্ত মোট প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ৬০০ জনে। সবচেয়ে বেশি নিহত হয়েছেন ইরানে—সংখ্যা ৫৫৫ জন।
ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটির বরাতে জানা গেছে, দেশটির বিভিন্ন অঞ্চলে চালানো হামলায় প্রাণহানি দ্রুত বাড়ছে। রাজধানী তেহরানের নিলুফার স্কয়ার এলাকায় ইসরাইলি হামলায় অন্তত ২০ জন নিহত হয়েছেন। ওই হামলায় গান্ধী হাসপাতালসহ একটি পুলিশ ভবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
ইরানের দক্ষিণাঞ্চলীয় মিনাব শহরের একটি সরকারি প্রাথমিক বালিকা বিদ্যালয়ে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলায় প্রায় ১৮০ জন নিহত হয়েছেন বলে স্থানীয় সূত্র জানিয়েছে।
অন্যদিকে আন্তর্জাতিক গণমাধ্যম টিআরটি ওয়ার্ল্ডের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইলে ১০ জন, সিরিয়ায় ৪ জন, ইরাকে ২ জন, লেবাননে ৩১ জন, কুয়েতে ১ জন এবং সংযুক্ত আরব আমিরাতে ৩ জন নিহত হয়েছেন।
এদিকে, ইরানের ইসলামি প্রজাতন্ত্রের প্রতিষ্ঠাতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির নাতি এবং সম্ভাব্য সর্বোচ্চ নেতা হিসেবে আলোচিত হাসান খোমেনি জনগণকে রাজপথ ও মসজিদে সক্রিয় উপস্থিতি বজায় রাখার আহ্বান জানিয়েছেন।
ইরানের তাসনিম নিউজ এজেন্সিকে দেওয়া বক্তব্যে তিনি বলেন, জনগণের ঐক্য ও উপস্থিতিই দেশকে শক্ত অবস্থানে রেখেছে। তাই এক মুহূর্তের জন্যও রাজপথ ও মসজিদ ত্যাগ না করার অনুরোধ জানান তিনি।