নিউইয়র্ক পুলিশ বিভাগে (এনওয়াইপিডি) দায়িত্ব পালনকালে নিহত বাংলাদেশি বংশোদ্ভূত ডিটেকটিভ ফার্স্ট গ্রেড দিদারুল ইসলামের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ব্রঙ্কসে একটি সড়কের সহ-নামকরণ (স্ট্রিট কো-নেমিং) করা হচ্ছে। আগামী শনিবার (১৮ জুলাই) সকাল ১০টা ৩০ মিনিটে ইস্ট ১৭২ স্ট্রিট ও বিচ অ্যাভিনিউয়ের সংযোগস্থলে আনুষ্ঠানিকভাবে সড়কটির নাম হবে ‘ডিটেকটিভ ফার্স্ট গ্রেড দিদারুল ইসলাম ওয়ে’। নিউইয়র্ক সিটি কাউন্সিলের অনুমোদনের […]
ছবি: সংগৃহীত
নিউইয়র্ক পুলিশ বিভাগে (এনওয়াইপিডি) দায়িত্ব পালনকালে নিহত বাংলাদেশি বংশোদ্ভূত ডিটেকটিভ ফার্স্ট গ্রেড দিদারুল ইসলামের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ব্রঙ্কসে একটি সড়কের সহ-নামকরণ (স্ট্রিট কো-নেমিং) করা হচ্ছে। আগামী শনিবার (১৮ জুলাই) সকাল ১০টা ৩০ মিনিটে ইস্ট ১৭২ স্ট্রিট ও বিচ অ্যাভিনিউয়ের সংযোগস্থলে আনুষ্ঠানিকভাবে সড়কটির নাম হবে ‘ডিটেকটিভ ফার্স্ট গ্রেড দিদারুল ইসলাম ওয়ে’।
নিউইয়র্ক সিটি কাউন্সিলের অনুমোদনের পর আয়োজিত অনুষ্ঠানে এনওয়াইপিডির ঊর্ধ্বতন কর্মকর্তা, নির্বাচিত জনপ্রতিনিধি, কমিউনিটি নেতা, প্রবাসী বাংলাদেশি এবং স্থানীয় বাসিন্দাদের উপস্থিত থাকার কথা রয়েছে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, অনুষ্ঠানটি সংক্ষিপ্ত হবে। তাই অংশগ্রহণকারীদের নির্ধারিত সময়ের আগেই উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে।
ডিটেকটিভ দিদারুল ইসলাম ২০২৫ সালের ২৮ জুলাই ম্যানহাটনের ৩৪৫ পার্ক অ্যাভিনিউ ভবনে দায়িত্ব পালনকালে বন্দুকধারীর গুলিতে নিহত হন। তদন্তে জানা যায়, নেভাডা থেকে আসা শেন ডেভন তামুরা ভবনে প্রবেশ করে এলোপাতাড়ি গুলি চালালে ঘটনাস্থলেই দিদারুল ইসলাম নিহত হন। পরে ভবনের ভেতর হামলাকারী আত্মহত্যা করে। তদন্তকারীদের মতে, হামলাকারীর মূল লক্ষ্য ছিল ভবনটিতে অবস্থিত ন্যাশনাল ফুটবল লিগের (এনএফএল) সদর দপ্তর; দিদারুল ইসলাম তার ব্যক্তিগত লক্ষ্য ছিলেন না।
বাংলাদেশে জন্ম নেওয়া দিদারুল ইসলাম যুক্তরাষ্ট্রে অভিবাসনের পর প্রথমে নিউইয়র্ক সিটির স্কুল সেফটি এজেন্ট হিসেবে কর্মজীবন শুরু করেন। পরে তিনি এনওয়াইপিডিতে যোগ দেন এবং দীর্ঘদিন নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করেন। কর্তব্যরত অবস্থায় নিহত হওয়ার পর তাকে মরণোত্তর ডিটেকটিভ ফার্স্ট গ্রেড পদে পদোন্নতি দেওয়া হয়।
দিদারুল ইসলামের মৃত্যুর সময় তার স্ত্রী তৃতীয় সন্তানের গর্ভে ছিলেন। পরে সন্তান জন্ম নিলেও বাবাকে আর দেখার সুযোগ হয়নি। তার মৃত্যুতে স্ত্রী, তিন সন্তান ও স্বজনদের পাশাপাশি নিউইয়র্কের বাংলাদেশি কমিউনিটিতেও গভীর শোকের ছায়া নেমে আসে। তার জানাজা ও শেষ বিদায় অনুষ্ঠানে হাজারো পুলিশ সদস্য, জনপ্রতিনিধি এবং বিভিন্ন ধর্ম-বর্ণের মানুষ অংশ নিয়ে শ্রদ্ধা জানান।
নিউইয়র্ক সিটিতে জননিরাপত্তা, সমাজসেবা ও নগরের জন্য বিশেষ অবদান রাখা ব্যক্তিদের স্মরণে সড়কের সহ-নামকরণের দীর্ঘ ঐতিহ্য রয়েছে। সেই ধারাবাহিকতায় ব্রঙ্কসের ইস্ট ১৭২ স্ট্রিট ও বিচ অ্যাভিনিউয়ের সংযোগস্থল এখন থেকে ‘ডিটেকটিভ ফার্স্ট গ্রেড দিদারুল ইসলাম ওয়ে’ নামে পরিচিত হবে। এই নামকরণকে একজন কর্তব্যনিষ্ঠ পুলিশ কর্মকর্তার আত্মত্যাগের প্রতি নিউইয়র্ক সিটির আনুষ্ঠানিক শ্রদ্ধা ও স্বীকৃতি হিসেবে দেখা হচ্ছে।