যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসন এবং অভিবাসন-সংক্রান্ত সব ধরনের জালিয়াতি দমনে কঠোর অবস্থান নিয়েছে ট্রাম্প প্রশাসন। দেশটির নাগরিকত্ব ও অভিবাসন বিষয়ক সংস্থা ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস (ইউএসসিআইএস) অভিবাসন প্রক্রিয়ায় যেকোনো ধরনের প্রতারণা, জালিয়াতি ও অপব্যবহারের বিরুদ্ধে জোরালো পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে। ইউএসসিআইএস জানিয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড জে. ট্রাম্প এবং সংস্থাটির পরিচালক জোসেফ বি. এডলোর নেতৃত্বে মার্কিন অভিবাসন […]
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসন এবং অভিবাসন-সংক্রান্ত সব ধরনের জালিয়াতি দমনে কঠোর অবস্থান নিয়েছে ট্রাম্প প্রশাসন। দেশটির নাগরিকত্ব ও অভিবাসন বিষয়ক সংস্থা ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস (ইউএসসিআইএস) অভিবাসন প্রক্রিয়ায় যেকোনো ধরনের প্রতারণা, জালিয়াতি ও অপব্যবহারের বিরুদ্ধে জোরালো পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে।
ইউএসসিআইএস জানিয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড জে. ট্রাম্প এবং সংস্থাটির পরিচালক জোসেফ বি. এডলোর নেতৃত্বে মার্কিন অভিবাসন ব্যবস্থার সততা, স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত করাকে বর্তমান প্রশাসনের অন্যতম প্রধান অগ্রাধিকার হিসেবে নির্ধারণ করা হয়েছে।
এই উদ্যোগের অংশ হিসেবে অভিবাসন ব্যবস্থাকে আরও সুরক্ষিত করা এবং যেকোনো ধরনের অপব্যবহার প্রতিরোধে সাধারণ মানুষের জন্য তথ্য দেওয়ার প্রক্রিয়া আরও সহজ করেছে ইউএসসিআইএস। সংস্থাটি জানিয়েছে, এখন থেকে যে কেউ চাইলে তাদের বিশেষ অনলাইন টিপ ফর্ম (Online Tip Form) ব্যবহার করে অভিবাসন-সংক্রান্ত যেকোনো ধরনের জালিয়াতি বা প্রতারণার তথ্য সরাসরি কর্তৃপক্ষের কাছে জমা দিতে পারবেন।
প্রশাসনের আশা, এই নতুন ব্যবস্থার মাধ্যমে প্রতারণার সঙ্গে জড়িত ব্যক্তি ও চক্রগুলোকে দ্রুত শনাক্ত করা এবং তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া আরও সহজ হবে।
ইউএসসিআইএসের নতুন অনলাইন রিপোর্টিং ব্যবস্থার আওতায় এইচ-১বি (H-1B) ভিসা, এইচ-২বি (H-2B) ভিসা, ইবি-৫ (EB-5) ইনভেস্টর ভিসা, রাজনৈতিক আশ্রয় (Asylum), চুক্তিভিত্তিক ভুয়া বিয়ে এবং অন্যান্য সব ধরনের অভিবাসন সুবিধার অপব্যবহার বা জালিয়াতি সংক্রান্ত অভিযোগ জমা দেওয়া যাবে।
সংস্থাটি জোর দিয়ে বলেছে, বৈধ উপায়ে অভিবাসন প্রক্রিয়া পরিচালনা নিশ্চিত করা এবং প্রতারণার মাধ্যমে অভিবাসন সুবিধা নেওয়ার প্রবণতা বন্ধ করতেই এই অনলাইন টিপ ফর্ম চালু করা হয়েছে। ইউএসসিআইএসের মতে, অভিবাসন ব্যবস্থার স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা বজায় রাখতে সাধারণ মানুষের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই নতুন উদ্যোগ সে লক্ষ্য অর্জনে কার্যকর ভূমিকা রাখবে।