প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ স্থগিত রাখার দাবিতে সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) এই নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ন কবির (পল্লব) ও ব্যারিস্টার মোহাম্মদ কাওছার, মানবাধিকার সংগঠন ল অ্যান্ড লাইফ ফাউন্ডেশন ট্রাস্ট-এর পক্ষে।নোটিশটি পাঠানো হয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব […]
ছবি: সংগৃহীত
প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ স্থগিত রাখার দাবিতে সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) এই নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ন কবির (পল্লব) ও ব্যারিস্টার মোহাম্মদ কাওছার, মানবাধিকার সংগঠন ল অ্যান্ড লাইফ ফাউন্ডেশন ট্রাস্ট-এর পক্ষে।
নোটিশটি পাঠানো হয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের কাছে।
নোটিশে বলা হয়েছে, ‘প্রাথমিক বৃত্তি পরীক্ষা নীতিমালা ২০২৬’-এ মেধা মূল্যায়নের ক্ষেত্রে একটি বৈষম্যমূলক কাঠামো প্রণয়ন করা হয়েছে। এতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ৮০ শতাংশ এবং বেসরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ২০ শতাংশ বৃত্তি নির্ধারণ করা হয়েছে, যা একটি জাতীয় পরীক্ষায় সমতার নীতির পরিপন্থী।
এছাড়া নীতিমালার নির্দিষ্ট ধারায় সরকারি ও বেসরকারি শিক্ষার্থীদের জন্য পৃথক প্রতিযোগিতার ব্যবস্থাও রাখা হয়েছে, যা একক মেধাভিত্তিক মূল্যায়ন পদ্ধতিকে দুর্বল করে বলে উল্লেখ করা হয়।
আইনজীবীরা দাবি করেন, এ ধরনের বিভাজন সংবিধানের সমতা ও বৈষম্যবিরোধী নীতির সঙ্গে অসঙ্গতিপূর্ণ এবং এর পেছনে কোনো যৌক্তিক ভিত্তি নেই। তারা আরও বলেন, দরিদ্র শিক্ষার্থীদের সহায়তায় ইতোমধ্যে আলাদা উপবৃত্তি কর্মসূচি চালু রয়েছে, ফলে মেধাভিত্তিক বৃত্তিতে আবারও প্রতিষ্ঠানভিত্তিক কোটা আরোপ অপ্রয়োজনীয়।
নোটিশে সতর্ক করে বলা হয়েছে, বর্তমান নীতিমালার আওতায় ফল প্রকাশ করা হলে বেসরকারি শিক্ষার্থীরা বঞ্চিত হবে এবং এতে তাদের মনে নেতিবাচক প্রভাব পড়তে পারে।
এ অবস্থায় ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ স্থগিত রাখা, নীতিমালার বিতর্কিত ধারাগুলো পুনর্বিবেচনা করা এবং সকল শিক্ষার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করে একক মেধাভিত্তিক পদ্ধতি চালুর আহ্বান জানানো হয়েছে।
নোটিশে আরও বলা হয়েছে, আগামী তিন কার্যদিবসের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করা হলে জনস্বার্থে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।