সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

শিক্ষা
১:৫৯ অপরাহ্ন, ১৬ সেপ্টেম্বর ২০২৬

প্রাথমিকের কারিকুলামে ১২ মাসে ১২টি জীবনঘনিষ্ঠ থিম: ববি হাজ্জাজ

প্রাথমিক শিক্ষার্থীদের নিরাপত্তা, জীবনদক্ষতা ও বাস্তবজ্ঞান বাড়াতে নতুন কারিকুলামে বছরজুড়ে ১২টি জীবনঘনিষ্ঠ থিমকে গুরুত্ব দেওয়া হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। বুধবার (১৬ সেপ্টেম্বর) ঢাকার লা মেরিডিয়ান হোটেলে হেইলিবেরি ভালুকা ও ক্যামব্রিজের যৌথ আয়োজনে ‘সেফগার্ডিং লিডারশিপ সামিট’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ববি হাজ্জাজ বলেন, প্রাথমিকের একজন শিক্ষার্থী শুধু বইয়ের […]

প্রাথমিকের কারিকুলামে ১২ মাসে ১২টি জীবনঘনিষ্ঠ থিম: ববি হাজ্জাজ

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

প্রাথমিক শিক্ষার্থীদের নিরাপত্তা, জীবনদক্ষতা ও বাস্তবজ্ঞান বাড়াতে নতুন কারিকুলামে বছরজুড়ে ১২টি জীবনঘনিষ্ঠ থিমকে গুরুত্ব দেওয়া হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

বুধবার (১৬ সেপ্টেম্বর) ঢাকার লা মেরিডিয়ান হোটেলে হেইলিবেরি ভালুকা ও ক্যামব্রিজের যৌথ আয়োজনে ‘সেফগার্ডিং লিডারশিপ সামিট’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ববি হাজ্জাজ বলেন, প্রাথমিকের একজন শিক্ষার্থী শুধু বইয়ের জ্ঞান অর্জন করবে না। একই সঙ্গে কীভাবে নিরাপদ থাকতে হয়, দায়িত্বশীলভাবে জীবন পরিচালনা করতে হয় এবং বিভিন্ন পরিস্থিতিতে নিজেকে সামলাতে হয়, সেই বাস্তব জীবনদক্ষতাও তাদের শেখানো হবে।

প্রাথমিক শিক্ষাব্যবস্থা নিয়ে সরকারের লক্ষ্য তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ভিশন অনুযায়ী এমন একটি শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার কাজ চলছে, যেখানে প্রতিটি শিশু নিরাপদ পরিবেশে বিদ্যালয়ে উপস্থিত থাকবে এবং শ্রেণিকক্ষে কার্যকরভাবে শিখবে। এ জন্য শিক্ষার্থীর শারীরিক ও মানসিক নিরাপত্তার পাশাপাশি জীবনদক্ষতা শিক্ষাকে গুরুত্ব দেওয়া হচ্ছে।

১২ মাসে ১২টি থিম

কারিকুলাম সংস্কারের কাজ চলছে জানিয়ে ববি হাজ্জাজ বলেন, নতুন কারিকুলামে ১২ মাসে ১২টি জীবনঘনিষ্ঠ থিম নিয়ে কাজ করার পরিকল্পনা রয়েছে। নির্দিষ্ট একটি মাসে যে থিমকে গুরুত্ব দেওয়া হবে, সেই মাসের বিভিন্ন বিষয়ের পাঠেও থিমটির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ উদাহরণ, সংখ্যা, প্রশ্ন ও আলোচনা যুক্ত করা হবে।

এর ফলে শিক্ষার্থীরা বইয়ের পাঠের সঙ্গে বাস্তব জীবনের বিভিন্ন বিষয় সহজে মিলিয়ে নিতে পারবে বলে মনে করেন তিনি।

নতুন পদ্ধতির উদাহরণ দিয়ে প্রতিমন্ত্রী বলেন, কোনো একটি মাসে অগ্নিনিরাপত্তাকে থিম হিসেবে নির্ধারণ করা হলে ওই মাসের গণিত, ভাষা ও অন্যান্য বিষয়ের পাঠেও অগ্নিনিরাপত্তা সম্পর্কিত উদাহরণ ও আলোচনা রাখা যেতে পারে।

একইভাবে বছরের বিভিন্ন সময়ে সড়ক নিরাপত্তা, পানিতে নিরাপত্তা, স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা এবং দুর্যোগ মোকাবিলার মতো শিশুদের দৈনন্দিন জীবনের সঙ্গে সরাসরি সম্পর্কিত বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া হবে।

প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠানে অভিন্ন মানদণ্ড

দেশের প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা ও শিক্ষার মান নিশ্চিত করতে সরকার নীতিমালা তৈরির কাজ করছে বলেও জানান প্রতিমন্ত্রী।

তিনি বলেন, সব ধরনের প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠানে ন্যূনতম নিরাপত্তা ও শিক্ষার মান নিশ্চিত করাই সরকারের লক্ষ্য। তবে কোনো প্রতিষ্ঠান নির্ধারিত ন্যূনতম মানের চেয়ে ভালো ব্যবস্থা নিশ্চিত করে থাকলে তাদের আরও এগিয়ে যাওয়ার সুযোগ থাকবে।

ববি হাজ্জাজ বলেন, ভালো উদ্যোগ নেওয়া প্রতিষ্ঠানগুলোর অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে সামগ্রিক শিক্ষাব্যবস্থার মান উন্নত করতে চায় সরকার।

প্রাথমিক শিক্ষার জন্য একটি অভিন্ন নীতিমালার প্রয়োজনীয়তার কথা তুলে ধরে তিনি বলেন, সরকার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শুধু নিয়ন্ত্রক হিসেবে নয়, অংশীদার হিসেবেও কাজ করতে চায়। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর অভিজ্ঞতা ও ভালো উদ্যোগ থেকে শিক্ষা নিয়ে এবং সরকারি নীতিমালা ও সহযোগিতার মাধ্যমে দেশব্যাপী প্রাথমিক শিক্ষার জন্য একটি অভিন্ন মানদণ্ড তৈরি করা হবে।

অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. এস এম এ ফায়েজসহ শিক্ষা-সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার প্রতিনিধি, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ