২০২৭ শিক্ষাবর্ষ থেকে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পাঠ্যক্রমে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) শিক্ষা যুক্ত করার পরিকল্পনা নিয়েছে সরকার। নতুন পাঠ্যক্রমে এআইয়ের ব্যবহার, রোবটিক্স, ভার্চুয়াল রিয়েলিটি, অগমেন্টেড রিয়েলিটি, মেশিন লার্নিং ও ন্যানোটেকনোলজির মতো বিষয় অন্তর্ভুক্ত করা হবে। পাশাপাশি শিক্ষার্থীদের এআইয়ের দায়িত্বশীল ব্যবহার, তথ্য যাচাই, ডিপফেক শনাক্তকরণ ও অনলাইন নিরাপত্তা সম্পর্কেও শেখানো হবে। মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় […]
ছবি: সংগৃহীত
২০২৭ শিক্ষাবর্ষ থেকে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পাঠ্যক্রমে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) শিক্ষা যুক্ত করার পরিকল্পনা নিয়েছে সরকার। নতুন পাঠ্যক্রমে এআইয়ের ব্যবহার, রোবটিক্স, ভার্চুয়াল রিয়েলিটি, অগমেন্টেড রিয়েলিটি, মেশিন লার্নিং ও ন্যানোটেকনোলজির মতো বিষয় অন্তর্ভুক্ত করা হবে। পাশাপাশি শিক্ষার্থীদের এআইয়ের দায়িত্বশীল ব্যবহার, তথ্য যাচাই, ডিপফেক শনাক্তকরণ ও অনলাইন নিরাপত্তা সম্পর্কেও শেখানো হবে।
মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের দ্বিতীয় দিনের বৈঠকে ৭১ বিধিতে দেওয়া বিবৃতিতে এ পরিকল্পনার কথা জানান শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। বৈঠকে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
শিক্ষামন্ত্রী বলেন, বিশ্ব এখন চতুর্থ শিল্পবিপ্লবের যুগে প্রবেশ করেছে। এ সময়ে ন্যানোটেকনোলজি, রোবটিক্স ও কৃত্রিম বুদ্ধিমত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এ বাস্তবতায় সরকার আইসিটি শিক্ষাকে বিশেষ গুরুত্ব দিচ্ছে। ২০২৭ শিক্ষাবর্ষে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত আইসিটি ও এআইবিষয়ক পাঠ্যবস্তু যুক্ত করা হবে।
শ্রেণিভিত্তিক পাঠ্যসূচি তুলে ধরে মন্ত্রী জানান, ষষ্ঠ শ্রেণিতে কৃত্রিম বুদ্ধিমত্তা, এআই-সক্ষম টুলস, ভার্চুয়াল রিয়েলিটি, অগমেন্টেড রিয়েলিটি ও রোবটিক্স শেখানো হবে। সপ্তম শ্রেণিতে থাকবে প্রযুক্তির ব্যবহার, এআই-সক্ষম সার্চ টুলস, জ্ঞান অর্জনে এআইয়ের প্রয়োগ, ইন্টারনেট অব থিংস এবং বাস্তব জীবনে এআইয়ের ব্যবহার।
অষ্টম শ্রেণির পাঠ্যসূচিতে যুক্ত হচ্ছে এআই অ্যাসিস্ট্যান্ট, অটোমেশন, ইন্টারনেট অব থিংস, ব্যবসা-বাণিজ্যে প্রযুক্তির ব্যবহার, নতুন কর্মসংস্থান, রিমোট ওয়ার্ক ও ফ্রিল্যান্সিং। নবম ও দশম শ্রেণিতে শিক্ষার্থীরা শিখবে এআইয়ের নৈতিক ও অনৈতিক ব্যবহার, ই-কমার্স, উদ্যোক্তা উন্নয়ন, চতুর্থ শিল্পবিপ্লব, মেশিন লার্নিং, ডিপ লার্নিং, রোবটিক্স ও ন্যানোটেকনোলজি।
একাদশ ও দ্বাদশ শ্রেণিতে কৃত্রিম বুদ্ধিমত্তার পরিচিতি, দৈনন্দিন জীবনে এআইয়ের ব্যবহার, শিক্ষাক্ষেত্রে এর প্রয়োগ এবং বিভিন্ন ক্ষেত্রে ব্যবহারিক প্রয়োগের বিষয় অন্তর্ভুক্ত করা হবে।
শিক্ষামন্ত্রী বলেন, শুধু এআই ব্যবহার শেখানোই যথেষ্ট নয়, এর মাধ্যমে পাওয়া তথ্য কীভাবে যাচাই ও বাছাই করতে হয়, সেটিও শিক্ষার্থীদের জানতে হবে। এ প্রসঙ্গে সিঙ্গাপুরের স্কুল পাঠ্যক্রমে তথ্য যাচাই ও ডিপফেক-সংক্রান্ত বিষয় অন্তর্ভুক্তির উদাহরণ তুলে ধরেন তিনি। বাংলাদেশের শিক্ষার্থীদেরও বয়স উপযোগী এআইয়ের দায়িত্বশীল ব্যবহার, তথ্য যাচাই এবং অনলাইন নিরাপত্তা শেখানোর প্রয়োজনীয়তার কথা জানান।
পাঁচ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে প্রযুক্তি ল্যাব
শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা বাড়াতে প্রায় পাঁচ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে প্রযুক্তি ল্যাব স্থাপনের পরিকল্পনার কথাও সংসদে জানান শিক্ষামন্ত্রী। এসব ল্যাবে এআই, রোবটিক্স, থ্রিডি প্রিন্টিং ও নবায়নযোগ্য জ্বালানিবিষয়ক প্রযুক্তি শেখানোর ব্যবস্থা থাকবে। এ প্রকল্পের প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে সাড়ে সাত হাজার কোটি টাকা।
এ ছাড়া নেক্সট জেনারেশন সেকেন্ডারি এডুকেশন প্রকল্পের আওতায় ১ হাজার ৫০টি শিক্ষাপ্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া ক্লাসরুম, প্রযুক্তি ল্যাব, বিজ্ঞান ও কম্পিউটার ল্যাব স্থাপনের পরিকল্পনা রয়েছে। এ প্রকল্পে শিক্ষক প্রশিক্ষণ ও নতুন শ্রেণিকক্ষ নির্মাণের উদ্যোগও অন্তর্ভুক্ত। প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় ৩ হাজার ৩৯৭ কোটি ৪৯ লাখ টাকা।
শিক্ষামন্ত্রী জানান, গত ৮ থেকে ১১ সেপ্টেম্বর ইউনেস্কো আয়োজিত ডিজিটাল লার্নিং উইকে বাংলাদেশের প্রতিনিধিরা অংশ নেন। ২০২৬ সালের এ আয়োজনের মূল প্রতিপাদ্য ছিল ‘কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে শিক্ষা’। সেখানে শিক্ষায় এআইয়ের দায়িত্বশীল প্রয়োগ এবং এর অপব্যবহার রোধের বিষয় নিয়ে আলোচনা হয়।
পুরোনো ডিজিটাল ল্যাবের কার্যকারিতা নিয়ে প্রশ্ন
সংসদ সদস্য রাশেদা বেগম হীরা এক প্রশ্নে প্রথম পর্যায়ে চার হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে ডিজিটাল ল্যাব স্থাপনে ৩৯৭ কোটি টাকা ব্যয়ের বিষয়টি তুলে ধরেন। একই সঙ্গে শিক্ষামন্ত্রীকে নিজ নির্বাচনী এলাকায় গিয়ে এসব ল্যাবের কার্যকারিতা যাচাই করার আহ্বান জানান তিনি।
জবাবে শিক্ষামন্ত্রী বলেন, সরকার আইসিটি শিক্ষার ওপর গুরুত্ব দিয়ে এ খাতে বাজেটে বরাদ্দ রেখেছে। সংসদ সদস্যের প্রত্যাশা অনুযায়ী সরকার কাজ করছে এবং আগামী দিনে পরিকল্পনাগুলো বাস্তবায়ন করা হবে।
সূত্র: বাংলা ট্রিবিউন