সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা চলমান কর্মবিরতি ও পরীক্ষা বর্জন কর্মসূচি প্রত্যাহার করে অবিলম্বে ক্লাসে ফিরতে নির্দেশ দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। অন্যথায় শৃঙ্খলাভঙ্গ, আচরণবিধি লঙ্ঘন ও ফৌজদারি আইনের আওতায় ব্যবস্থা নেওয়া হবে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছে মন্ত্রণালয়। বুধবার (৩ ডিসেম্বর) জারি করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এই অবস্থান জানায় মন্ত্রণালয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, কয়েকটি সংগঠন […]
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা চলমান কর্মবিরতি ও পরীক্ষা বর্জন কর্মসূচি প্রত্যাহার করে অবিলম্বে ক্লাসে ফিরতে নির্দেশ দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। অন্যথায় শৃঙ্খলাভঙ্গ, আচরণবিধি লঙ্ঘন ও ফৌজদারি আইনের আওতায় ব্যবস্থা নেওয়া হবে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছে মন্ত্রণালয়।
বুধবার (৩ ডিসেম্বর) জারি করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এই অবস্থান জানায় মন্ত্রণালয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কয়েকটি সংগঠন ১ ডিসেম্বর থেকে কর্মবিরতি এবং ৩ ডিসেম্বর থেকে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করছে। তবে বেতন–গ্রেড উন্নীতকরণসহ তাদের দাবিগুলো নিয়ে মন্ত্রণালয় ইতোমধ্যে কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে। সহকারী শিক্ষকদের বেতন ১১তম গ্রেডে উন্নীত করা, ১০ ও ১৬ বছর চাকরি শেষে উচ্চতর গ্রেড প্রদান, এবং প্রধান শিক্ষক পদে ১০০ শতাংশ বিভাগীয় পদোন্নতির প্রস্তাব অর্থ মন্ত্রণালয় ও জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
এ ছাড়া বেতন কমিশন–২০২৫–এর কাছেও গত ৭ আগস্ট সহকারী শিক্ষকদের গ্রেড ১৩ থেকে ১১তে উন্নীত করার অনুরোধ জানানো হয়েছে। পরবর্তীতে ১০ নভেম্বর অর্থ বিভাগের সঙ্গে বৈঠকে জানানো হয়—পে–কমিশনের প্রতিবেদন পাওয়ার পর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।
মন্ত্রণালয় অভিযোগ করে জানায়, চলমান কর্মসূচির কারণে বিভিন্ন স্থানে বার্ষিক পরীক্ষা পরিচালনায় বাধা সৃষ্টি হয়েছে; কোথাও কোথাও পরীক্ষা নিতে আগ্রহী শিক্ষকদের লাঞ্ছনার ঘটনাও ঘটেছে। কোমলমতি শিক্ষার্থীদের শিক্ষাজীবন বিঘ্নিত করে এই ধরনের কর্মসূচি সরকারি চাকরি আইন, আচরণবিধি এবং ফৌজদারি আইনের লঙ্ঘন।
এ পরিস্থিতিতে সহকারী সকল শিক্ষককে দ্রুত কাজে যোগ দিয়ে তৃতীয় প্রান্তিকের পরীক্ষা যথাসময়ে সম্পন্ন করার নির্দেশ দিয়েছে মন্ত্রণালয়। একই সঙ্গে সতর্ক করে বলা হয়েছে—নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।