স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের দায়িত্ব পালনের সমালোচনা করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে সিলেট সার্কিট হাউসে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি বলেন, সাধারণ মানুষের মধ্যে আলোচনা রয়েছে যে সালাহউদ্দিন আহমদ অন্য সব মন্ত্রণালয়ের বিষয়ে খোঁজখবর রাখলেও নিজের মন্ত্রণালয়ের দায়িত্ব ঠিকভাবে সামলাতে পারছেন না। দেশের […]
ছবি: সংগৃহীত
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের দায়িত্ব পালনের সমালোচনা করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে সিলেট সার্কিট হাউসে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি বলেন, সাধারণ মানুষের মধ্যে আলোচনা রয়েছে যে সালাহউদ্দিন আহমদ অন্য সব মন্ত্রণালয়ের বিষয়ে খোঁজখবর রাখলেও নিজের মন্ত্রণালয়ের দায়িত্ব ঠিকভাবে সামলাতে পারছেন না।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকারের বক্তব্যের সমালোচনা করে শফিকুর রহমান বলেন, ক্ষমতায় থাকা প্রতিটি সরকারই আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে ভালো বলে দাবি করে। তবে ‘আগের’ বলতে কী বোঝানো হচ্ছে এবং ‘ভালো’ পরিস্থিতির বাস্তব চিত্র কোথায়, তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।
তিনি বলেন, ঘরে-বাইরে বা পথে-ঘাটে মানুষের নিরাপত্তা নিয়ে উদ্বেগ রয়েছে। এ প্রসঙ্গে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষিকার ছেলে হত্যার ঘটনাও উল্লেখ করেন তিনি। তার অভিযোগ, ঘটনার দায় এড়াতে নিহত কিশোরকেই দায়ী করার চেষ্টা করা হচ্ছে। শফিকুর রহমান এটিকে দায়িত্বহীনতার লক্ষণ হিসেবে উল্লেখ করেন।
স্বরাষ্ট্রমন্ত্রীর সমালোচনা করতে গিয়ে জামায়াত আমির বলেন, সাধারণ মানুষের মধ্যে এখন আলোচনা হচ্ছে, সালাহউদ্দিন আহমদ সব মন্ত্রণালয়ের বিষয়ে দায়িত্বশীল ও আন্তরিকভাবে খোঁজখবর রাখেন, কিন্তু নিজের মন্ত্রণালয়ের দায়িত্বই ঠিকমতো পালন করতে পারছেন না।
এ সময় সরকারি দলের নেতাদের পরস্পরের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তোলার বিষয়টিও তুলে ধরেন তিনি। শফিকুর রহমান বলেন, সংসদসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ মঞ্চে সরকারি দলের নেতারাই একে অপরের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করছেন।
তিনি দাবি করেন, সরকারি দলের প্রভাবশালী নেতা গয়েশ্বর চন্দ্র রায় সংসদে ট্রেজারি বেঞ্চে বসে দেশের বড় মাদকের চালান সংশ্লিষ্ট নেতার বাড়ির এলাকা দিয়ে আসার কথা বলেছেন।
মতবিনিময় সভায় সিলেট জেলা ও মহানগর জামায়াতে ইসলামীর নেতাদের পাশাপাশি স্থানীয় প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।