সীমান্ত হত্যা ও কথিত পুশ-ইনের ঘটনায় ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করা উচিত বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন, সীমান্তে বাংলাদেশিদের হত্যার দায় ভারতের ওপরই বর্তায় এবং এ বিষয়ে সরকারের আরও কঠোর অবস্থান নেওয়া প্রয়োজন। বুধবার দুপুরে যশোরের শার্শা উপজেলার বেনাপোলের সাদীপুর সীমান্ত পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা […]
ছবি: সংগৃহীত
সীমান্ত হত্যা ও কথিত পুশ-ইনের ঘটনায় ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করা উচিত বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন, সীমান্তে বাংলাদেশিদের হত্যার দায় ভারতের ওপরই বর্তায় এবং এ বিষয়ে সরকারের আরও কঠোর অবস্থান নেওয়া প্রয়োজন।
বুধবার দুপুরে যশোরের শার্শা উপজেলার বেনাপোলের সাদীপুর সীমান্ত পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি অভিযোগ করেন, ভারত একটি খুনি রাষ্ট্র এবং বিএসএফ একটি খুনি বাহিনী।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ভারতের পক্ষ থেকে কোনো বাংলাদেশি নাগরিককে ফেরত পাঠানোর প্রয়োজন হলে তা অবশ্যই আইন ও কূটনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে করতে হবে। রাতের আঁধারে সীমান্তে মানুষ রেখে যাওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
তিনি আরও বলেন, বাংলাদেশের মানুষ পুশ-ইন মেনে নেবে না। এ ধরনের ঘটনায় সরকারকে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নিতে হবে। সীমান্ত হত্যা, মাদক চোরাচালান এবং অন্যান্য সীমান্ত-সংক্রান্ত ইস্যুতে আগে থেকেই কঠোর অবস্থান নেওয়া হলে বর্তমান পরিস্থিতি তৈরি হতো না বলেও মন্তব্য করেন তিনি।
সীমান্তে অবস্থানরত কয়েকটি পরিবারের খোঁজ নিতে তারা সেখানে গিয়েছিলেন জানিয়ে এনসিপি নেতা বলেন, তারা পৌঁছানোর আগেই পরিবারগুলোকে সরিয়ে নেওয়া হয়েছে। স্থানীয়দের উদ্দেশে তিনি বলেন, কোনো ধরনের পুশ-ইনের চেষ্টা হলে দ্রুত বিজিবি ও পুলিশকে জানাতে হবে।
তিনি আরও আহ্বান জানান, প্রয়োজনে সীমান্ত এলাকায় সতর্ক অবস্থান নিয়ে দেশের সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ভূমিকা রাখতে হবে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার থেকে সাদীপুর সীমান্তের জিরো লাইনে ১০ থেকে ১২ জন নারী, পুরুষ ও শিশু অবস্থান করছিলেন। তবে বুধবার সকাল থেকে তাদের আর সেখানে দেখা যায়নি। স্থানীয়দের ধারণা, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী তাদের সরিয়ে নিয়েছে।
সীমান্ত পরিদর্শনের সময় এনসিপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।